ময়মনসিংহে আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণার পরই উত্তেজনা, জিপি আহত
ময়মনসিংহ আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণার পরই তা প্রত্যাখ্যান করে হট্টগোল করেছে আইনজীবীদের একটি পক্ষ। ওই সময় চেয়ার–ছোড়াছুড়ির ঘটনায় আদালতের গভর্নমেন্ট প্লিডার (জিপি) আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ জজ আদালতের পাশে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে সাধারণ সভায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জিপি আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আজ বেলা দুইটায় সভা শুরু হয়। বেলা তিনটার দিকে আহ্বায়ক কমিটি ঘোষণা পরই আইনজীবীদের একটি পক্ষ তা প্রত্যাখ্যান করে। আহ্বায়ক কমিটি মানেন না বলে উত্তেজনা শুরু হলে হাতাহাতি ও চেয়ার নিক্ষেপ শুরু হয়। ওই সময় একটি চেয়ার আমার মাথায় এসে পড়ে। আমাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।’
আইনজীবীরা জানান, পেশাজীবী সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর ২৭ জানুয়ারি নির্বাচন সম্পন্ন করতে হয়। আইনজীবী সমিতির সভাপতি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। সমিতির ২০২৪ সালের গঠিত কমিটি আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন ছিল। কার্যকরী পরিষদে ১৪ জন সদস্যের মধ্যে মাত্র তিনজন ছিলেন বিএনপিপন্থী। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ জন ছিলেন আওয়ামী লীগপন্থী। ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগপন্থী আইনজীবীরা অনেকটা গা ঢাকা দিয়েছেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন ২০২৪ সালের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। ২০২৫ সালের কমিটি গঠনের জন্য তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা নিয়ে আইনজীবীদের মধ্যে মতানৈক্য তৈরি হয়। ওই অবস্থায় নিজের অসুস্থতার কারণ দেখিয়ে ২১ জানুয়ারি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন ২০২৪ সালের কমিটির সভাপতি মো. ফজলুল হক। ওই অবস্থায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ২২ জানুয়ারি চিঠি জারি করে নির্বাচন স্থগিত করেন। চিঠিতে বলা হয়, ২০২৫ সালের নির্বাচন অনুষ্ঠানসংক্রান্ত নোটিশ ও সমিতির গঠনতন্ত্র পরস্পর সাংঘর্ষিক থাকায় এবং পরবর্তী সময়ে সভাপতি পদত্যাগ করায় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হচ্ছে না।
সমিতির সৃষ্ট সংকট সমাধানে গঠনতন্ত্র অনুযায়ী আজ সাধারণ সভার আহ্বান করা হয়। আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের নিচতলায় বেলা দুইটায় সাধারণ সভা শুরু হয়। সেই সভার শুরুতেই জ্যেষ্ঠ আইনজীবী এম এ বারীকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্যসচিব করা হয়। এ ছাড়া আরও তিনজনকে কমিটির সদস্য করা হয়। পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পরই সেখানে উপস্থিত থাকা আইনজীবীদের একটি পক্ষ সেটি প্রত্যাখ্যান করেন। সব আইনজীবীর মতামত গ্রহণ না করে আহ্বায়ক কমিটি ঘোষণা করার প্রতিবাদ জানান। ওই সময় হাতাহাতি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সাধারণ সভা আহ্বানকারী আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘আজ পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভার শেষের দিকে দু-তিনজন আইনজীবী উত্তেজিত হয়েছিলেন। কোনো চেয়ার–ছোড়াছুড়ি হয়নি। আজকের সভায় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের কেউ ছিলেন না। জিপি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কি না তা বলতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘দু-তিনজন ঝামেলা করলেও আমরা আহ্বায়ককে চেয়ারে বসিয়ে আগামীকাল বেলা দুইটায় সভা আহ্বান করে কার্যক্রম শেষ করি। যাঁরা বিশৃঙ্খলা করেছেন, তাঁদের বিষয়ে জ্যেষ্ঠ নেতারা সাংগঠনিক যথাযথ পদক্ষেপ নেবেন।’
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৫ আগস্টের পর আওয়ামীপন্থী আইনজীবীরা না থাকলেও আইনজীবী ফোরামের দুটি গ্রুপ তৈরি হয়েছে। একটি গ্রুপে জামায়াত, বিএনপির একটি অংশ, ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল মিলে নেতৃত্বে দিচ্ছে। আরেকটি গ্রুপে বিএনপির আরেকটি অংশ নেতৃত্ব দিচ্ছে।
আইনজীবী সমিতির স্থগিত হওয়া নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন জামায়াতপন্থী আইনজীবী আমান উল্লাহ। তিনি বলেন, নামকাওয়াস্তে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই একজন বক্তব্য দিতে গিয়ে আহ্বায়ক কমিটির পাঁচজনের নাম প্রকাশ করেন, অপর একজন সেটিকে সমর্থন জানালে তাঁদের সমর্থিত আইনজীবীরা হাততালি দিতে শুরু করেন। সাধারণ আইনজীবীদের কোনো ধরনের মতামত না নিয়ে এমন অবস্থা সৃষ্টি হলে প্রতিবাদ জানানো হয়। তখন সাধারণ আইনজীবীদের ওপর হামলা হলে পাঁচ-ছয়জন আইনজীবী আহত হন। তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম আলোচনার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে কমিটি হোক, কিন্তু সে পরিবেশ দেওয়া হয়নি। আমরা বৃহস্পতিবার সভা করে পরবর্তী করণীয় ঠিক করব।’