নাটোরে ইউপি চেয়ারম্যান ও তাঁর ছেলের বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ
নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি ও তাঁর ছেলে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের বিরুদ্ধে ইদ্রিস আলী নামের এক কৃষককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার রিসিনওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই কৃষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
নাটোর থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে ইদ্রিস আলী রিসিনওগাঁ গ্রামের মাঠে নিজের ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান ওসমান গনি ও তাঁর ছেলে শরিফুল ইসলাম অর্ধশতাধিক লোকজন নিয়ে ওই জমি থেকে ইদ্রিস আলীকে চলে যেতে বলেন। ইদ্রিস সে কথা না শুনলে ওসমান গনি, শরিফুল ইসলামসহ তাঁর সহযোগীরা ওই কৃষককে লাঠি দিয়ে বেদম মারপিট করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কৃষককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আমি ও আমার ছেলে আদৌ ইদ্রিস আলীকে মারিনি। তাঁকে শুধু তাঁর চাচাতো ভাইদের জমি ছেড়ে দেওয়ার কথা বলেছি।
ভুক্তভোগী ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ধানের জমি নিয়ে তাঁর সঙ্গে চাচাতো ভাইদের মামলা ছিল। সম্প্রতি মামলায় তাঁর (ইদ্রিস) পক্ষে রায় হয়। অথচ চেয়ারম্যান ও তাঁর ছেলে প্রতিপক্ষদের হয়ে তাঁকে জমি থেকে বের করার চেষ্টা করছেন। এর জেরে তাঁকে মারপিট করা হয়েছে।
তবে চেয়ারম্যান ওসমান গণি কৃষক ইদ্রিস আলীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ও আমার ছেলে আদৌ ইদ্রিস আলীকে মারিনি। তাঁকে শুধু তাঁর চাচাতো ভাইদের জমি ছেড়ে দেওয়ার কথা বলেছি।’
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান ও তাঁর ছেলে অন্যায় করেছেন। এটা মানা যায় না। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।