মা ও বোনের এক টুকরা হাড়ের অপেক্ষায় জান্নাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিখোঁজ রাজিয়া সুলতানা ও নুসরাতের স্বজনরা
ছবি: প্রথম আলো

ঝালকাঠির সুগন্ধা নদীতে এক বছর আগে বরগুনাগামী লঞ্চ অভিযান-১০-এ অগ্নিকাণ্ডে মা রাজিয়া সুলতানা ও ছোট বোন নুসরাতকে হারান জান্নাত ফেরদাউস (১৮)। কিন্তু আজও তাঁদের হদিস পাওয়া যায়নি। তাঁদের জীবিত পাওয়ার আশা একপ্রকার ছেড়ে দিয়েছেন জান্নাত। তাঁর আকুতি, মা ও বোনের একটা হাড়ও যদি পাওয়া যেত, তা-ও কিছুটা শান্তি পেতেন।

আরও পড়ুন

জান্নাতের বাড়ি বরগুনা সদর উপজেলার পরীর খাল এলাকায়। তাঁর বাবা ঢাকায় থাকেন। স্বামী আর এক সন্তানকে নিয়ে বাড়িতে থাকেন জান্নাত। মা ও ছোট বোনের কথা তুলতেই জান্নাত এই প্রতিবেদককে বলেন, ‘মা-বোনকে জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়েছি, তাঁদের অক্ষত লাশ পাওয়ার সম্ভাবনা নাই, আমার মা আর ছোট বোনের এক টুকরা হাড় পাওয়া যায়, তাহলেও তা আমাদের বাড়িতে নিয়ে কবর দেব। কিন্তু সরকারি লোকদের কাছে আশা করতে নাই। আমরা মা-বোনের লাশের খবর চাই, ডিএনএ টেস্ট আরও ভালো করে খুঁজুক। মায়ের লাশ তো আর পাব না, তাঁর হাড়গুলো যে জায়গায় দাফন করা হয়েছে, সেখানের মাটিটুকু চাই। যাঁরা ডিএনএ পরীক্ষা করেন, তাঁদের প্রতি অনুরোধ জানাচ্ছি, তাঁরা যেন পুনরায় ভালোভাবে টেস্ট করেন।’

গত বছরের ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠি সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লঞ্চটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আগুনে পুড়ে ৪৯ জনের মৃত্যু হয়। বরগুনা জেলা দুর্যোগ ও ত্রাণ কার্যালয় থেকে জানা যায়, এ ঘটনায় মোট ৪৯ জন মারা যান। এর মধ্যে তখন ২৩টি লাশ অজ্ঞাতনামা হিসেবে বরগুনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দাফন করা হয়। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের ১৪ জনের পরিচয় শনাক্ত করা হয়।

হতাশা প্রকাশ করে জান্নাত ফেরদাউস বলেন, ‘এক বছর হয়ে গেছে, মায়ের মুখটা দেখি না। সবাই জানে মা হারানো যন্ত্রণা কত কষ্টের। যার মা আছে, সে মায়ের কাছে গেলে একটু শান্তি পায়। আমাদের সেই শান্তিটুকু তারা কেড়ে নিয়েছে। হয়তো কপালে লেখা ছিল, আমার মায়ের ও আদরের ছোট বোনের এমন মৃত্যু হবে। এতগুলো মানুষকে হত্যা করার পরও লঞ্চের মালিক লঞ্চটি নিয়ে গেছে। ক্ষতি তো আমাদের হয়েছে। পৃথিবীতে টাকা দিয়েই সব হয়। সেটা লঞ্চমালিক প্রমাণ করল।’

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অজ্ঞাতনামা ২৩টি লাশের মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১৪ জনকে শনাক্ত করা হয়েছে। ওই ১৪ পরিবারকে আর্থিক সহায়তার জন্য নৌ মন্ত্রণালয়ে আবেদন করেছি। তাদের আর্থিক সহায়তা প্রস্তুত করা হয়েছে। যেকোনো দিন তারা এসে এই ১৪ পরিবারকে সহায়তা দেবে। যদি কোনো স্বজন শনাক্ত কবরের অংশবিশেষ নিতে চান, তাহলে ধর্মীয় রীতিনীতি পালন করে কবর হস্তান্তর করা হবে।’