বিদ্রোহীরা আ.লীগের বাধা

বুধবার এই দুই আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। গতকাল সকালে নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে উপনির্বাচনে প্রার্থী রয়েছেন ছয়জন। নৌকার প্রার্থী ছাড়াও রয়েছেন দলের দুই ‘বিদ্রোহী’। ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের হিসাবে, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থী ও দলটির বিদ্রোহীদের মধ্যেই।

একই পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে। এখানে প্রার্থী রয়েছেন তিনজন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহীর মধ্যে।

আগামীকাল বুধবার এই দুই আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। গতকাল সোমবার সকালে নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। দলের দুই বিদ্রোহী প্রার্থী হলেন রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম ওরফে বাচ্চু। অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মোহাম্মদ আবদুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নবীউল ইসলাম ও জাকের পার্টির গোলাম মোস্তফা।

বিএনপির দুই সংসদ সদস্যে পদত্যাগের কারণে এই দুই আসন ফাঁকা হয়েছে। উপনির্বাচনেও বিএনপির প্রার্থী নেই। মোহাম্মদ আলীর পক্ষে বিএনপির একটি অংশ সমর্থন দিচ্ছে বলে এলাকায় আলোচনা রয়েছে। বিএনপির নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউপির চেয়ারম্যান জামাল উদ্দীনকে গত রোববার বিকেলে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।

মোহাম্মদ আলী সরকারকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন নৌকার প্রার্থী জিয়াউর রহমান। তিনি বলেন, ‘মোহাম্মদ আলী সরকার প্রার্থী হওয়ায় অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী আমি।’

মোহাম্মদ আলী সরকার প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের একটি অংশ আমাকে সমর্থন দিচ্ছে। বিএনপি-সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক সমর্থন দেখে আওয়ামী লীগ প্রার্থী ভয় পেয়েছেন। এ জন্য হুমকি দিয়ে বেড়াচ্ছেন। আমার কর্মীকে মারধর করা হচ্ছে। পোস্টার নামিয়ে ফেলা হচ্ছে। এগুলো হচ্ছে ভয় দেখানোর নমুনা। মানুষ ব্যাপক সংখ্যায় ভোটকেন্দ্রে যেতে পারলে বড় ব্যবধানে আমি জয়ী হব।’

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদ। দলের বিদ্রোহী প্রার্থী হলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক ওরফে লিটন। আরেক প্রার্থী হলেন বিএনএফের কামরুজ্জামান।

সামিউল হক এর আগে চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে দল থেকে বহিষ্কৃত হন। তবে এ নির্বাচনে দলের একটি অংশ ও বিএনপির একটি অংশ গোপনে তাঁকে সমর্থন দেওয়ার বিষয়টি আলোচিত। আবদুল ওদুদ ও সামিউল হকের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। কামরুজ্জামানের প্রচারণা নেই বললেই চলে।

আবদুল ওদুদ বলেন, ‘একটি অদৃশ্য শক্তি ও আওয়ামী লীগে আমার বিরোধীপক্ষ “মাইনাস ওদুদ” ফর্মুলা নিয়ে ষড়যন্ত্র করছে ও মাঠে কাজ করছে। তারা সামিউল হককে গোপনে সমর্থন জোগাচ্ছে। তবে নৌকা মার্কার ভোটের অভাব নেই। সব ষড়যন্ত্র বিফলে যাবে। নির্বাচনে আমি জয়লাভ করবই।’

এদিকে গতকাল বিকেলে সামিউল হক তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘রোববার রাতে আমার প্রধান নির্বাচনী কার্যালয়সহ ১৫টি নির্বাচনী কার্যালয় আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ভাঙচুর করেছেন। এর মধ্যে তিনটিতে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। রিটার্নিং কর্মকর্তা আশ্বস্ত করেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জেলা প্রশাসন বদ্ধপরিকর। আমি এটি বিশ্বাস করতে চাই। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হলে আমি জয়ী হব।’

সামিউল হক আরও বলেন, ‘নিজেকে স্বতন্ত্র প্রার্থীই মনে করি। দল থেকে সাধারণ ক্ষমা ঘোষণার পর ক্ষমা চেয়ে আমি কোনো আবেদন করিনি। আমি সব দলেরই ভোট চাই।’

নির্বাচনী কার্যালয় ভাঙচুর প্রসঙ্গে আবদুল ওদুদ বলেন, ‘গত দুই দিনে আমার সাতটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছেন সামিউল হকের লোকজন। এ ব্যাপারে থানায় মামলা করার উদ্যোগ নেওয়ায় তিনি লোকজন দিয়ে নিজের কার্যালয় ভাঙচুর করিয়েছেন। এখন দায় চাপাচ্ছেন আমার ওপর।’

রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকার জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন, ইতিমধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি মোটামুটিভাবে সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে এ উপনির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১৮ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে ভোট তদারকি করার জন্য। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করবে ভোটে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য।