সিলেটের ছয়টি আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার, প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি
সিলেটের ছয়টি আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার-প্রচারণা। নির্বাচনী জনসভা, পথসভা আর গণসংযোগ করে প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি। গণমিছিলের পাশাপাশি কেউ কেউ করছেন ইশতেহার ঘোষণা। প্রার্থীদের কর্মী–সমর্থকেরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন।
আজ রোববার দিনভর জেলার ছয়টি আসনে প্রার্থীরা নির্বাচনী প্রচার চালিয়েছেন। সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর বিকেলে শিবেরবাজার এলাকায় এক জনসভায় ভাষণ দেন। পরে তিনি সোনাতলা ও টুকেরবাজার এলাকায় পৃথক দুটি সভায় যোগ দিয়ে ধানের শীষে ভোট চান। এ ছাড়া তাঁর সমর্থনে আজ নগরের আম্বরখানা, চন্দনটুলা ও দরগা গেট এলাকায় লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান দুপুরে নগরের বন্দরবাজার এলাকায় প্রচার মিছিল–পরবর্তী এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এর আগে ‘দাঁড়িপাল্লার প্রবাসী সমর্থক’ ব্যানারে গণসংযোগ ও প্রচার মিছিল নগরের আম্বরখানা এলাকা থেকে শুরু হয়ে বন্দরবাজারে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সভায় হাবিবুর রহমান বলেন, ‘একটি দল অভিযোগ করছে, আমরা নাকি সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের ধমক দিচ্ছি। আমি আমার অমুসলিম ভাইবোনদের নিয়ে সিলেটে প্রায় ৪০টি মিটিং করেছি। তারা জামায়াতকে চায়, দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়। ওনারা তাদের ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছেন আর সংবাদ সম্মেলন করে বলছেন, জামায়াত নাকি হুমকি দেয়।’
বিকেলে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান ‘তারুণ্যের ভাবনায় আগামীর সিলেট’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন। নগরের দরগা গেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি তরুণদের প্রশ্নের জবাবে বলেন, সিলেটকে চাঁদাবাজি, বৈষম্য ও অবহেলার রাজনীতি থেকে মুক্ত করে একটি ন্যায়ভিত্তিক ও কর্মসংস্থানমুখী জনপদে রূপান্তর করা তাঁর লক্ষ্য।
নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা দুইটায় সিলেট-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী প্রনব জ্যোতি পাল ইশতেহার পাঠ করেন। সন্ধ্যা ছয়টায় সদর উপজেলার মালনীছড়া চা-বাগানে একই আসনে বাসদের (মার্ক্সবাদী) প্রার্থী সঞ্জয় কান্ত দাস নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।
ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারে বিকেল চারটায় উপজেলা বিএনপির উদ্যোগে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপির প্রার্থী মোছা. তাহসিনা রুশদীরের সমর্থনে নির্বাচনী জনসভা হয়। এতে বিএনপির প্রার্থী ছাড়াও সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়ক আবদুল কাইয়ুম চৌধুরী বক্তব্য দেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক বেলা তিনটার দিকে বালাগঞ্জ ডিএন উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে।
এদিকে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে ২১ দফা ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তাঁর ব্যানার, ফেস্টুনও ছিঁড়ে ফেলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বেলা তিনটায় বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় তিনি সনাতন পদ্ধতিতে সিলেট-৪ আসনের পাথর কোয়ারি খুলে দেওয়া, বিশুদ্ধ পানির সংকট দূর করার আশ্বাস দেন। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে সিলেটের পর্যটন ও প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেট-৪ আসনকে একটি সমন্বিত আধুনিক সিটিতে রূপান্তরের পরিকল্পনা করব। অবহেলিত এই জনপদকে পরিকল্পিত নগরায়ণের আওতায় এনে নাগরিক সুবিধা নিশ্চিত করব।’
বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলার রাজবাড়ি মাঠে সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী মো. জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, ‘আমি এই মাটির সন্তান। আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’
সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে বিএনপি-সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুকের এক নির্বাচনী জনসভা বিকেলে জকিগঞ্জের বারহালে অনুষ্ঠিত হয়। এ সময় উবায়দুল্লাহ ফারুক বক্তব্যে বলেন, নির্বাচিত হলে তিনি নদীভাঙন, সড়ক সংস্কার ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করবেন।
সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বিয়ানীবাজার উপজেলা সদরে বিকেলে জনসভা হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেট-৬ আসনে ধানের শীষের পক্ষে জোয়ার উঠেছে। মানুষের মুখে মুখে এখন কেবল বিএনপির কথা।