সংসার চালাতে দিনে মাথায় করে কয়েক টন মাল টানেন করিমেরা
মাথায় কর্কশিট ও কাপড় দিয়ে তৈরি বিশেষ টুপি। হাতে এক থেকে দেড় ফুট লম্বা লোহার বাঁকানো হুক। ডানে-বামে না তাঁকিয়ে হেঁটে যাচ্ছিলেন কয়েক যুবক। গিয়ে থামলেন ট্রাকের পাশে গিয়ে। ট্রাকের ওপর থেকে হুক দিয়ে টেনে সবজিভর্তি বস্তা নামাচ্ছিলেন আরও দুজন। সেগুলো তুলে দেওয়া হচ্ছিল ওই যুবকদের মাথায়।
আজ বুধবার সকাল নয়টার দিকে সিলেট নগরের সোবহানীঘাট এলাকার সবজির আড়তে আসা ট্রাক থেকে সবজিভর্তি বস্তাগুলো নামানোর চিত্র এটি। এসব সবজির বস্তা ৫০ থেকে ৯০ কেজি ওজনের হয়ে থাকে। সেগুলো মাথায় করেই আড়তের মহাজনদের কাছে নিয়ে যান শ্রমিকেরা।
বস্তায় করে মাল আনা-নেওয়ার কাজ করা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন রাত ২টা থেকে পরের দিন বেলা ৩টা পর্যন্ত সবজিভর্তি ট্রাক আড়তে আসে। আড়তে যত সময় ট্রাক থাকে, তাঁদের কর্মতৎপরতা থাকে। এ সময়ের মধ্যে একেকজন ৩০ থেকে ৪০ বস্তা পর্যন্ত মাল ওঠানো-নামানো করতে পারেন। গড়ে একেকটি বস্তার ওজন ৬০ কেজি ধরে হিসাব করলে একেকজন শ্রমিক ১ টন ৮০০ কেজি থেকে ২ টন ৪০০ কেজি মাল ওঠানো-নামানো করেন। একেকটি সবজিভর্তি বস্তা মাথায় করে নামিয়ে আড়তে নিয়ে যাওয়া পর্যন্ত ওজনের তারতম্য ও আকারভেদে পারিশ্রমিক পান ২০ থেকে ২৫ টাকা। এতে ৬০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন একেকজন শ্রমিক।
শ্রমিকদের ভাষ্য, ভার তোলতে ভালো লাগে না। মাথায় করে ভার নিতে নিতে ঘাড়ে ব্যথা হয়। মাথা যে ডান-বামে ঘুরিয়ে তাকাবেন, সেটাতেও কষ্ট হয়। কিন্তু সংসার টানতে এর বিকল্প নেই। ভার তোলার শ্রমিক হিসেবে কাজ করে ভালো টাকা পাওয়া যায়, এ জন্য অনেকেই এই কাজ করেন। তবে আয়ের পাশাপাশি খরচও হয় শ্রমিকদের। ভারি কাজ করায় খিদে লেগে যায়। কাজের মধ্যে একেকজন শ্রমিক ১৫০ টাকা থেকে ২০০ টাকার বিভিন্ন খাবার খান।
সুনমাগঞ্জের তাহিরপুরের বাসিন্দা আবদুল করিম (৩৬) ট্রাক থেকে প্রায় ৮০ কেজি ওজনের পেঁপেভর্তি বস্তা তুলে চলে গেলেন আড়তের দিকে। প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ভারি মাল মাথায় ওঠানো-নামানো করতে ভালো লাগে না। কেউ শখে করেন না। একেকটি বস্তার ওজন দুই মণের বেশি হয়। আবার ৫০ কেজির বস্তাও আছে। বস্তার আকার ও ওজন দেখে আড়তের মহাজন কিংবা ট্রাকে থাকা ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করেন তাঁরা। কাজ শেষে প্রাপ্ত টাকা বস্তা নামানোর কাজে থাকা শ্রমিকেরা ভাগ করে নেন।
আবদুল করিম বলেন, প্রায় দুই বছর ধরে তিনি এ কাজ করছেন। বাড়িতে স্ত্রী-সন্তানসহ আটজন। সংসার চালাতে এই কাজে যোগ দিয়েছেন। আয়ও ভালো হয়। কিন্তু প্রথম দিকে কষ্ট হয়েছে। এখন সে কষ্ট অনেকটা সয়ে গেছে। সংসার চালানোর জন্য ভার টানেন।
তাহিরপুর শিমুলবাগ গ্রামের বাসিন্দা মো. বাবুল মিয়া (৩২) বলেন, প্রায় দুই মাস ধরে তিনি আড়তে সবজির বস্তা নামানোর কাজ করেন। প্রথম দিকে কষ্ট হলেও এখন অনেকটা স্বাভাবকি হয়ে গেছে। প্রথম দিকে দিনে ১০ থেকে ১২টি বস্তা আনা-নেওয়া করতে পারতেন। এখন সেটি তিন গুণ বেড়েছে। তিনি বলেন, ভার নিতে কষ্ট হয়; কিন্তু বাড়ির সংসারের কথা মনে হলে কষ্ট হলেও সয়ে নিতে হয়।
রাজশাহী থেকে পেঁপে নিয়ে আসা ব্যবসায়ী সোহেল ইসলাম বলেন, ট্রাকে সবজির বস্তাগুলো ওঠানো-নামানো করাতে আলাদা খরচ আছে। এরপর মালামাল পরিবহনের খরচ। সব মিলিয়ে খরচ যোগ করে সবজির দাম নির্ধারণ করতে হয়। মালামাল ওঠানো–নামানো করতে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত খরচ হয়।
সোবহানীঘাট আড়তের রাকি এন্টারপ্রাইজ নামের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, সবজির বস্তা যাঁরা টানেন, তাঁদের কষ্ট হয়। সেটি বিবেচনা করেই তাঁদের মজুরি দেওয়া হয়।