ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে হাতাহাতি–মারধর, যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুঠোফোনে লুডু খেলা নিয়ে হাতাহাতি ও মারধরে রফিক মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক (৪০) নিশ্চিন্তপুর গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। তাঁর মা–বাবা কেউ বেঁচে নেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার দিকে নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান মিয়া ও বশির আহমেদ নামের দুজন মুঠোফোনে লুডু খেলছিলেন। রফিক মিয়া সেখানে গিয়ে তাঁদের খেলা দেখা শুরু করেন। রফিক হঠাৎ বলে ওঠেন, তাঁদের ‘চাল’ ভুল হচ্ছে। এ কথা শুনে সালমান ও বশির উত্তেজিত হয়ে যান। তাঁরা খেলা নিয়ে রফিককে কথা বলতে নিষেধ করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় মাহফুজ মিয়া ও ধলু মিয়া এগিয়ে গিয়ে তাঁদের শান্ত করেন। কিন্তু পাঁচ মিনিট পরই সালমান ক্ষিপ্ত হয়ে রফিক মিয়ার গলা চেপে ধরেন। একপর্যায়ে শ্বাসরোধের পাশাপাশি তাঁকে উপর্যুপরি কিলঘুষি মারেন। এতে রফিক মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকের চাচাতো ভাই জিলু মিয়া বলেন, ‘বশির ও সালমান মুঠোফোনে লুডু খেলছিল। খেলা চলাকালে রফিক তাদের ভুল ধরিয়ে দেয়। পরে উত্তেজিত হয়ে তারা রফিককে মারধর করে। এরপরই রফিক মারা যায়।’
এ বিষয়ে জানতে সালমান মিয়া ও বশির আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিলঘুষির চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।
ওসি জানান, যেখানে ঘটনা ঘটেছে, সেখানে গাছ ও কাঠ ছিল। কোনো কিছুর সঙ্গে চাপ লেগে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।