চাটখিলে কম্বল বিতরণের তালিকা নিয়ে আ.লীগ নেতার বাড়িতে হামলা
নোয়াখালীর চাটখিলে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার বাড়িতে এ ঘটনা ঘটে।
গোলাম মোস্তফা অভিযোগ করেন, কম্বল বিতরণের তালিকা তৈরির জেরে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমনের নির্দেশে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এতে তাঁর বসতঘরের জানালার কাচ ও প্রধান ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গোলাম মোস্তফা বলেন, গত ২৯ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের পক্ষে এলাকার অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণের জন্য তিনি একটি তালিকা তৈরি করেন। ওই দিন সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমন তাঁর মুঠোফোনে কল করে দল থেকে পদত্যাগ করতে বলেন। একপর্যায়ে সালাউদ্দিন তাঁর দুই অনুসারীকে পাঠিয়ে রিকশাযোগে তাঁকে বাড়ি থেকে স্থানীয় খিলপাড়া বাজারে ডেকে নেন। সেখানে যাওয়ার পর তাঁকে বেদম মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তিনি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পাঁচ দিন আগে গ্রামের বাড়িতে ফেরেন।
গোলাম মোস্তফা আরও বলেন, চিকিৎসা নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পর গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ছয়–সাতজনের একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাঁর বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা জানালার কাচ ভাঙচুর করে এবং ঘরের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায়। তিনি স্থানীয় খিলপাড়া পুলিশি তদন্তকেন্দ্রে হামলার বিষয়টি জানিয়েছেন। আজ সোমবার দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
এই অভিযোগের বিষয়ে জানার জন্য আজ সালাউদ্দিন সুমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ ছাড়া এলাকায় খোঁজ করে তাঁকে পাওয়া যায়নি।
চাটখিলের খিলপাড়া তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফার ওপর এর আগে একবার হামলার ঘটনা ঘটেছিল। তখন তিনি থানায় কোনো অভিযোগ করেননি। এরপর গতকাল দিবাগত রাতে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভির ফুটেজে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির ছবি দেখা গেছে। এ বিষয়ে তিনি এখনো লিখিত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।