টিকটক ভিডিওর জন্য ১০ টাকায় পুকুরে ঝাঁপ দিতে গিয়ে মারা যায় শিশু, দেড় বছর পর আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর সময় আহত হয়ে শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আবদুল হাকিম। শুক্রবার দুপুরে তোলাছবি: প্রথম আলো

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল হাকিম (২৫)। তিনি ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, টিকটক ভিডিও বানানোর জন্য সৌরভকে ১০ টাকার বিনিময়ে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন আবদুল হাকিম। গত বছরের ২৯ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে হাকিমের কথামতো সৌরভ পুকুরে ঝাঁপ দেয়। এ সময় পায়ে লোহার তারকাঁটা ঢুকে সে আহত হয়।

পুলিশের ভাষ্য, ঘটনার পর হাকিম সৌরভকে আঘাতের কথা কাউকে জানাতে নিষেধ করেন। পরে সৌরভ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৪ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

মামলা হওয়ার পর হাকিম আত্মগোপনে ছিলেন। প্রায় এক বছর পাঁচ মাস পর তাঁর এলাকায় আসার খবর পেয়ে আজ ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মোহাম্মদ ফিরোজ হোসেন, ফুলপুর থানার ওসি

এ ঘটনায় পরদিন সৌরভের মা রানু ক্ষত্রিয় ফুলপুর থানায় আবদুল হাকিমকে আসামি করে মামলা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, মামলা হওয়ার পর হাকিম আত্মগোপনে ছিলেন। প্রায় এক বছর পাঁচ মাস পর তাঁর এলাকায় আসার খবর পেয়ে আজ ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।