বাক্প্রতিবন্ধী ছেলেকে বেত দিয়ে ঝাড়ফুঁকের পর মৃত্যু, বাবা আটক
চট্টগ্রামের কর্ণফুলীতে বাক্প্রতিবন্ধী ছেলেকে বেত দিয়ে ঝাড়ফুঁক করার সময় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ডাঙ্গারচর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ (১৮) ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদ বাক্প্রতিবন্ধী ছিলেন। ছেলের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন নুর মোহাম্মদ। এক ব্যক্তির পরামর্শে আজ বিকেলে তিনি ও তাঁর স্ত্রী ছেলেকে বেত দিয়ে ঝাড়ফুঁক শুরু করেন। একপর্যায়ে সাঈদ মারা যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাঈদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাঁর বাবা নুর মোহাম্মদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জুলধা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কার পরামর্শে তিনি ছেলেকে বেত দিয়ে ঝাড়ফুঁক করতে গেলেন, তা জানতে চেষ্টা করছি।’