১০ দিন ছুটির পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাবান্ধা স্থলবন্দর
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন ছুটির পর পঞ্চগড়ের চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক ও ইনচার্জ আবুল কালাম আজাদ।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ এপ্রিল সকাল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই দেশের (বাংলাদেশ ও ভারত) ব্যবসায়ীরা।

বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, ঈদ উপলক্ষে গত ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়টি বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড কর্তৃপক্ষ ও বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনকে জানানো হয়েছিল। তবে ২৮ এপ্রিল শুক্রবার হওয়ায় ২৯ এপ্রিল সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হয়েছে।

এদিকে ঈদের সময় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও অভিবাসনচৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল বলে জানা গেছে।