দাওয়াত খেয়ে মায়ের সঙ্গে ভ্যানে বাড়ি ফিরছিল শিশুটি, ট্রাক্টরের ধাক্কায় নিহত
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা আল আমিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের পায়রা চত্বর এলাকায় দেবীগঞ্জ-সোনাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানে থাকা শিশুটির মা-সহ ছয়জন আহত হয়ে চিকিৎসাধীন।
নিহত আল আমিন দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের নুরুরবাজার-শিকদারপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র ছিল। আহত ব্যক্তিরা হলেন নিহত আল আমিনের মা আছমা বেগম (৪০), তাঁদের স্বজন জুলেখা বেগম (৪০), সাজেদা বেগম (৩৫), সুজাত (১০), আরাফাত (৫) ও ভ্যানচালক তারা মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আল আমিন তার মা ও অন্য স্বজনদের সঙ্গে পার্শ্ববর্তী বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে এক স্বজনের বাড়িতে দাওয়াত খেয়ে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিল। এ সময় দেবীগঞ্জ উপজেলা শহরের পায়রা চত্বর এলাকায় সোনাহার থেকে দেবীগঞ্জগামী একটি ট্রাক্টর তাদের ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ সব যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ছয়জনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে আহত ব্যক্তিদের মধ্যে আছমা বেগম, সাজেদা বেগম, সুজাত, আরাফাত ও তারা মিয়ার অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মালিক বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক্টর ফেলে চালক পালিয়ে গেছেন। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। শিশুটির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।