খুলনা শহরে মোটরসাইকেলে করে এসে তরুণকে কুপিয়ে মারল দুর্বৃত্তরা
খুলনা নগরের চানমারি এলাকায় এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত আরেক তরুণকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চানমারি খ্রিষ্টানপাড়া বালির মাঠের সামনে এ ঘটনা ঘটে। নিহত পলাশ (২৮) ও আহত সৌরভ (২২) ওই এলাকার বাসিন্দা। পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে এলাকার একটি দোকানে বসে পলাশ ও সৌরভ দুই বন্ধু মিলে চা পান করছিলেন। এ সময় ৫-৭টি মোটরসাইকেলে করে ৮-১০ জন যুবক এসে তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। একপর্যায়ে তাঁরা দুজন মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান। সৌরভ এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন।
খুলনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, আহত সৌরভ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁদের আটকের চেষ্টা চলছে। পূর্বশত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।