ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে দৌড়, গাড়িচাপায় মৃত্যু
প্রতিদিনের মতো ব্যবসার কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন মোহাম্মদ মানা মিয়া (৩৮)। পথে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে মহাসড়ক দৌড়ে পার হয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হন তিনি।
আজ বুধবার রাত সোয়া আটটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মনা মিয়ার লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহত মনা মিয়ার বাড়ি মিরসরাই উপজেলার মিঠাছড়া গ্রামে। তিনি সীতাকুণ্ডের মহন্তের হাটে মাছের ব্যবসা করতেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মতো সীতাকুণ্ডের মহন্তের হাটে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন মনা মিয়া। উপজেলার পন্থিছিলা এলাকায় পৌঁছালে লোকাল বাসের মধ্যে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। বিষয়টি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে ঢাকামুখী মহাসড়ক থেকে দৌড়ে চট্টগ্রামমুখী মহাসড়কে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলে নিহত হন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তাঁকে চাপা দেওয়া গাড়িটিকে চিহ্নিত করা যায়নি।