অজগর নিয়ে খেলছিল কিশোরের দল, উদ্ধারের পর বনে অবমুক্ত

উদ্ধার করা অজগর অবমুক্ত করতে চুনতি অভায়রণ্যে বন বিভাগ ও সেনাবাহিনীর দল। গতকাল বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়ছবি: সংগৃহীত

লোকালয়ে আসা একটি অজগর ধরে ফেলে কিশোরের দল। এরপর সেটি নিয়ে খেলছিল তারা। হঠাৎ সেনাবাহিনীর একটি গাড়ি দেখতে পেয়ে অজগরটি ফেলে পালায় কিশোরেরা। এরপর সেনাবাহিনী সেটি উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করে। অজগরটি বনে অবমুক্ত করা হয়েছে।

এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। গতকাল শনিবার বিকেলে অজগরটি চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। এর আগে দুপুরে অজগরটি লোকালয়ে এসে কিশোরদের দলটির কাছে আটকা পড়ে।

বন বিভাগের চুনতি অভয়ারণ্য এলাকার বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর সদস্যদের উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। এটি সাড়ে ৪ ফুট লম্বা। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে অজগরটি লোকালয়ে এসেছিল। অজগরটিকে পুনরায় চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।