ঝকঝকে ভবন, বইয়ের রাজ্যে পাঠক নেই

দোতলায় ছয় থেকে সাতজন পাঠক। তিনতলায় পুরোটাই ফাঁকা। ৩৩ হাজার ১৯টি বইয়ের বিপরীতে নিবন্ধিত পাঠক মাত্র ২৪২ জন।

কোনো পাঠক নেই। বই, চেয়ার-টেবিল ফাঁকা পড়ে আছে। গাজীপুর গণগ্রন্থাগারের তৃতীয় তলায় সম্প্রতিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল পাঠাগারের তাকে তাকে সাজানো দেশ-বিদেশের হাজারো বই। কাঠের তৈরি চেয়ার-টেবিলগুলো এখনো নতুন। ঝকঝক করছে টাইলস করা মেঝে আর সাদা রঙের দেয়াল। আধুনিক সুযোগ-সুবিধা আছে সবই। কিন্তু যাঁদের ঘিরে এই আয়োজন, সেই পাঠকই যেন এখনো অধরা। ভেতরে সুনসান নীরবতা। পাঠক খরায় বই, চেয়ার টেবিলগুলো পড়ে থাকছে ফাঁকা।

এ অবস্থা গাজীপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের। ২০১৮ সালে নতুনভাবে শুরু হওয়া পাঠাগারটি পাঠক খরায় ভুগছে।

গাজীপুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহবুবা মৌলী। নগরের উত্তর ছায়াবীথি এলাকায় তাঁর বসবাস। প্রায় দেড় বছর ধরে পাঠাগারটিতে নিয়মিত আসছেন। বলেন, এখানে এত সুন্দর পাঠাগার আছে, এটা অনেকেই জানেন না। এ কারণে অনেকে আসেন না। পাশাপাশি কিছু নিয়মকানুন শিথিল করাও জরুরি।

খোঁজ নিয়ে জানা যায়, পাঠাগারটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে। নগরের রথখোলা এলাকায় একটি জরাজীর্ণ ভবনে চলত এর কার্যক্রম। তখন পুরো ভবনের পাঠক ধারণক্ষমতা ছিল ১৫০ জনের মতো। ২০১৮ সালের নভেম্বরে পাঠাগারটি আধুনিক সুবিধা সংবলিত তিনতলা ভবনে স্থানান্তরিত হয়। ধারণক্ষমতা বেড়ে দাঁড়ায় ৩০০ জনে। বাড়ে বই, চেয়ার-টেবিল, সুযোগ-সুবিধা সবই।

জয়দেবপুর রেল জংশনের সামনে থেকে জয়দেবপুর-ধীরাশ্রম সড়ক ধরে কিছুটা সামনে এগোলে গাজীপুর জেলা পরিষদ কার্যালয়ের পাশে চোখে পড়ে একটি দৃষ্টিনন্দন ভবন। এটিই জেলা গণগ্রন্থাগার। ১৯ ডিসেম্বর দুপুরে সরেজমিন দেখা যায়, তিনতলা ভবনটির নিচতলায় প্রায় ২০০ মানুষের ধারণক্ষমতাসম্পন্ন একটি বিশাল মিলনায়তন। দুই তলা ও তিন তলার পুরোটা পাঠাগার। পুরো পাঠাগার চকচকে-তকতকে। কাঠের ফার্নিচারে সাজানো। চকচকে কাঠের চেয়ার-টেবিল। ঝকঝক করছে টাইলস করা মেঝে ও সাদা দেয়াল। আলোঝলমল পরিবেশে তাকে তাকে সাজানো বই। দুই তলায় ছয় থেকে সাতজন পাঠক বসে পড়ছেন। কিন্তু তিন তলার পুরোটাই ফাঁকা। দায়িত্বে থাকা কর্মকর্তা ও অন্যরা অলস সময় কাটাচ্ছেন।

দুই তলায় পাঠাগারের পাশে জুনিয়র গ্রন্থাগারিক মো. রাশেদুল হায়দারের কার্যালয়। তিনি বলেন, ২০১৮ সালে গণগ্রন্থাগারটির উদ্বোধন করা হলেও পাঠকের জন্য উন্মুক্ত করা হয় ২০১৯ সালের জুলাইয়ে। বিভিন্ন বিষয়ে দেশ-বিদেশের মোট বই আছে ৩৩ হাজার ১৯ খানা। আছে সংবাদপত্র। নিবন্ধিত পাঠক ২৪২। প্রতিদিন গড়ে পাঠক আসেন ৪০ থেকে ৫০ জন। কখনো কখনো কমে দাঁড়ায় ১০ থেকে ১৫ জনে।

রাশেদুলের ভাষ্য, আগের ছোট্ট ভবনেই প্রতিদিন গড়ে পাঠক হতো ১০০ থেকে ১২০ জন। কিন্তু এখন সুযোগ-সুবিধার বাড়ার পরও সে তুলনায় পাঠক আসছেন না। তারা পাঠক বাড়াতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। তবে পাঠাগারটিতে নিয়মিত পড়তে আসা পাঠকদের কিছুটা ভিন্নমত আছে। তাঁদের কেউ কেউ বলছেন, পাঠাগারটির প্রায় সব বই পুরোনো। বেশির ভাগ ক্ষেত্রেই নতুন সংস্করণ পাওয়া যায় না বা কর্তৃপক্ষ রাখে না। পাশাপাশি অনেক চাকরিপ্রত্যাশী বা পেশাজীবী কিছু কিছু ক্ষেত্রে নিজেদের বই নিয়ে এসে পাঠাগারে বসে পড়তে চান। কিন্তু তাঁদের সেসব বই আনতে দেওয়া হয় না। একইভাবে নতুন জায়গায় স্থানান্তর এবং সেই অনুযায়ী প্রচার না হওয়ায় পাঠক কম।

প্রধান গ্রন্থাগারিক মো. সালাহ্উদ্দীন প্রথম আলোকে বলেন, যাঁরা প্রকৃত বইপ্রেমী বা বইয়ের প্রতি আগ্রহ আছে, তাঁদের কাছে নতুন জায়গা বা প্রচার কোনো বড় বাধা নয়। তাঁরা ঠিকই নিজেদের আগ্রহে পাঠাগার খুঁজে বের করেন। তারপরও তাঁদের প্রচারের কোনো ঘাটতি নেই। প্রতিদিনই পাঠক বাড়ানোর চেষ্টা হচ্ছে। এ ক্ষেত্রে প্রতিটি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও এগিয়ে আসা উচিত। সন্তান বা শিক্ষার্থীকে বইয়ের প্রতি একটু উৎসাহ দিলেই তারা পাঠাগারমুখী হবে।