ফরিদপুরে চালককে হত্যা করে গাড়ি নিয়ে গেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

ভাড়ায়চালিত প্রাইভেট কারের চালককে হত্যা করে গাড়িটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রাম থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে ধারণা করছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. উজ্জ্বল (৫০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার তোয়ারডাঙ্গা গ্রামের জুবায়ের হোসেন ও মনোয়ার বেগম দম্পতির ছেলে। তিনি ভাড়ায় প্রাইভেট কার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মথুরাপুর গ্রামের মান্দারতলা খালের পাড়ে লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। মধুখালী থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় নিহত ব্যক্তির পরনে নীল রঙের একটি জিনসের প্যান্ট ও গায়ে শেওলা রঙের একটি হাফ হাতা জামা ছিল।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, ওই গাড়ির চালকের গলায় রশি বেঁধে জোরে টান দেওয়া হয়েছে, এ জন্য হয়তো তাঁর ঘাড়ের হাড় ভেঙে গেছে। তাঁর বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের আটটি গভীর ক্ষত আছে। ওই ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর ভাড়ায়চালিত গাড়িটি নিয়ে গেছে।

পুলিশ জানায়, ঢাকার আশুলিয়া এলাকা থেকে গোপালগঞ্জে যাওয়ার কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় উজ্জ্বলের গাড়িটি ভাড়া করেছিল দুর্বৃত্তরা। রাতেই উজ্জ্বলের ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু রাতের কোনো এক সময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।