নারী ভোটারদের মুখ দেখে ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ফরিদপুর–৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের কমলাপুর মহল্লায় নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নায়াব ইউসুফ বলেন, ‘কয়েক দিন ধরেই শুনছি, কিছু কেন্দ্রে বোরকা পরিহিত ব্যক্তি যাবেন। সেটার ব্যাপারে প্রশাসনেরও দেখা উচিত, মুখ বন্ধ করে বা এমনভাবে ভোট গ্রহণ যেন না করা হয়।’
ফরিদপুরে নির্বাচনের পরিবেশ শুরু থেকেই ভালো দাবি করে বিএনপির এই প্রার্থী বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপারে ছোট ছোট অভিযোগ থাকলেও আমরা অভিযোগ দিইনি। সব মিলিয়ে আমাদের এখন পর্যন্ত সব কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’
নায়াব ইউসুফ বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চেয়েছে। তাদের এই আচরণ দুরভিসন্ধিমূলক। এসব করে তারা যেন কোনোভাবেই অন্যায্য সুবিধা না নিতে পারে, এ জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি।
ওই দল বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের জান্নাতের লোভ দেখিয়েছে উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, ‘আপনারা জানেন, স্বভাবগতভাবেই নারীরা দুর্বল প্রকৃতির হয়। এ জন্য কিছু নারী ভোটার তাদের এসব চটকদার কথায় বিভ্রান্তও হতে পারে।’
এই কার্যক্রমের সমালোচনা করে নায়াব ইউসুফ বলেন, ‘তারা ধর্মকে নিয়ে অপকৌশল ও অপচেষ্টা চালিয়েছে। এটা আসলে দুঃখজনক। তবে নিজের প্রতি আমার বিশ্বাস আছে। আমি বিপুল পরিমাণ ভোটে জয়ী হব।’
সভায় নায়াব ইউসুফের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ কে কিবরিয়া স্বপন ও গোলাম রব্বানী ভূঁইয়া উপস্থিত ছিলেন।