আচরণবিধি মানতে এবার সংসদ সদস্য আয়েনকে রিটার্নিং কর্মকর্তার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। গতকাল শুক্রবার রাজশাহী নগরের ‘চৈতির বাগানে’
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আয়োজিত সভায় অংশ নেওয়ায় সংসদ সদস্য আয়েন উদ্দিনকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল জলিল। চিঠিতে তাঁকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করায় এর আগে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মনসুর রহমানকেও আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য চিঠি দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা। পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি ভঙ্গের বিষয়টি প্রতীয়মান হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। মেয়র খায়রুজ্জামানকে ২৮ সেপ্টেম্বর ও সংসদ সদস্য মনসুর রহমানকে ২৯ সেপ্টেম্বর চিঠি দেওয়া হয়।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন গতকাল শুক্রবার রাজশাহী নগরের ‘চৈতির বাগানে’ আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। ওই সভায় তিনি অভিযোগ করেন, গত পাঁচ বছরে টাকা ছাড়া রাজশাহী জেলা পরিষদে কোনো বরাদ্দ ছাড় হয়নি।

গতবার রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার। এবার দলীয় মনোনয়ন পেয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। শুক্রবারের এ অনুষ্ঠানে দলীয় প্রার্থীও উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আয়েন উদ্দিন বলেন, ‘গত জেলা পরিষদ নির্বাচনে আমি কিন্তু বলেছিলাম আমাদের বাড়ির মানুষ। কাছের মানুষ। প্রবীণ মানুষ, তাঁকে আপনারা একটা করে ভোট দেন। ভুলত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষই নাই। আমরা কাকতি–মিনতি করেছি। অনেকেই মুখে বলেছে কিন্তু অন্তরে বলে নাই। ফলশ্রুতিতে পাঁচটা বছর গেছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। আমার তো বরাদ্দ নাই-ই আমার নেতা–কর্মীরা সেখানে অসম্মানিত হয়েছেন।’ আয়েন উদ্দিন আরও বলেন, ‘যাঁর আদর্শ নাই, অন্তর নাই, সেই নির্লজ্জ মানুষকে ভোট দেওয়ার পরে পাঁচটি বছরে অন্তত একজন মানুষ দাঁড়িয়ে বলেন তো, জেলা পরিষদে গিয়ে আমি সম্মানিত হয়েছি। একজন মানুষ বলেন তো, টাকা ছাড়া একটা বরাদ্দ পেয়েছি।’

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে খুব কাছ থেকে দেখেছেন উল্লেখ করে আয়েন উদ্দিন আরও বলেন, ‘তাঁর চাওয়া–পাওয়ার কিছু নাই। তিনি জীবন বাজি রেখে এই দেশটা স্বাধীন করেছেন। তাঁর পিতার লাশ পর্যন্ত পাননি। এটি আপনারা নিশ্চয় শুনেছেন। তাঁর আত্মীয়ের লাশ পর্যন্ত পাননি। এটিও আপনারা শুনেছেন। তারপরে নীরবে নিভৃতে তাঁর আদর্শ পালন করেছেন। তাঁর চাওয়া-পাওয়া একটাই, এই বাংলাদেশে লাল–সবুজের পতাকা উড়বে। এই বাংলাদেশের মানচিত্র বিশ্বের মানচিত্রে দৃশ্যমান হবে।’

সভায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। এ ছাড়া বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. ডাবলু সরকার, জেলা পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামান, কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত, পবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ও পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

এ সভার পরদিন আজ শনিবার (১ অক্টোবর) সংসদ সদস্য আয়েন উদ্দিনকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল। চিঠিতে বলা হয়েছে, স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতীয়মান হয়েছে যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। জেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬–এর বিধি ২(১৪) অনুসারে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে একজন সংসদ সদস্য কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

আরও পড়ুন

জানতে চাইলে আয়েন উদ্দিন শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, তিনি এ রকম একটি চিঠি পেয়েছেন। চিঠিতে নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও ‘বিদ্রোহী’ প্রার্থী আখতারুজ্জামান ছাড়াও আফজাল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল নামের আরও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় গত ২৫ সেপ্টেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আখতারুজ্জামানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে।