পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ, থানায় জিডি
পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনে বিএনপির প্রার্থী নওশাদ জমিরের ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন বিএনপির প্রার্থী নওশাদ জমিরের নির্বাচনী এজেন্ট ও ছোট ভাই নওফল আরশাদ জমির।
রোববার সন্ধ্যায় পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আরশাদ জমির বলেন, আজ সকালে তাঁরা খবর পেয়েছেন, গতকাল শনিবার দিবাগত রাতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নর যতনপুকুরী এলাকায় ও তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের উত্তর সন্যাসীপাড়া এলাকায় বিএনপির প্রার্থীর একাধিক ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়ার পর নিচে থাকা অবশিষ্ট অংশ দেখে মনে হয়েছে, এতে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বাংলাবান্ধা ইউনিয়নের ঘাটিয়ার পড়া গ্রামে নওশাদ জমিরের একটি ব্যানারের ছবি বিকৃত করা হয়েছে।
আরশাদ জমির বলেন, ‘এ ঘটনায় আমরা মর্মাহত এবং শঙ্কিত। এ ধরনের কাজ অসুস্থ রাজনীতির পরিচায়ক। সামনে নির্বাচন, নির্বাচনে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং মতের পার্থক্য থাকবে। কিন্তু প্রতিপক্ষের ব্যানার বা হ্যান্ডবিল বা অন্য যেকোনো রকমের প্রচারণার বিষয়কে পুড়িয়ে দেওয়া বা বিকৃত করা কোনো রকম সুস্থ রাজনীতির চিন্তাচেতনার মাঝে গণ্য হয় না।’
বিএনপির প্রার্থীর নির্বাচনী এজেন্ট আরও বলেন, ‘যাঁরা এটি করেছেন, তাঁদের প্রতি আহ্বান জানাই, আমরা একসঙ্গে দেশ গড়ব এবং একসঙ্গে কাজ করব। নির্বাচনে এক দল জিতবে আর অন্যরা হারবে। সেটা যে দলই জিতুক না কেন, যাঁরা হারবেন তাঁদের নিয়েই সেই দল (বিজয়ী দল) কাজ করবে। আমাদের প্রার্থী নওশাদ জমির এই নির্বাচনে জয়যুক্ত হলে ইনশা আল্লাহ সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে পঞ্চগড় গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন। কাজেই অন্য সব প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীদের প্রতি সহনশীলতা বজায় রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’