নেত্রকোনায় নারীর সঙ্গে মাদ্রাসাশিক্ষকের ভিডিও ফেসবুকে

নেত্রকোনায় মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার ভিডিওতে শিক্ষক ও নারীছবি : সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে

নেত্রকোনায় মাদ্রাসার শিক্ষকের সঙ্গে এক নারীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ার পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রভাষক পদের ওই শিক্ষক এমপিওভুক্ত নন।

আজ মঙ্গলবার দুপুরে ফেসবুকে দুই মিনিট ১০ সেকেন্ডের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে কালো বোরকা ও নেকাব পরা এক নারী চেয়ারে বসে আছেন। ওই শিক্ষক কক্ষের দরজা-জানালা দিয়ে বাইরে নজর রাখেন এবং ওই নারীকে একাধিকবার স্পর্শ ও আলিঙ্গন করেন। প্রতিবারই নারী তাঁকে বাধা দেন। কিছুক্ষণ পর ওই নারী কক্ষ থেকে বেরিয়ে যান।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ বলেন, ‘প্রতিষ্ঠানের একটি কক্ষে সিসিটিভি ক্যামেরায় ওই ঘটনা ধরা পড়েছে। ঘটনাটি গত ২০ আগস্টের বলে নিশ্চিত হয়েছি। ওই শিক্ষক নন-এমপিও (সরকারি বেতনবহির্ভূত) হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি জানার পরপরই আমরা তাঁকে বরখাস্ত করেছি এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি। ঘটনাটি বিস্তারিত তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।’

ওই নারীর পরিচয়ের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘নারীটি কে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পুলিশের নজরে এসেছে। এ নিয়ে তদন্ত চলছে।