ছেলের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি, পরে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর সাতাইশের দাঁড়াইল সড়কের এক বাড়িতে গতকাল বুধবার রাতে ডাকাতি হয়। ডাকাতেরা ঘরের সব জিনিস তছনছ করে ফেলে
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি বসতবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গীর সাতাইশের দাঁড়াইল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

ডাকাতির এ ঘটনা ঘটে দাঁড়াইল সড়কের মরহুম টুকু মিয়ার বাড়িতে। এটি তিনতলা ভবন। এর মধ্যে দোতলায় পরিবার নিয়ে থাকতেন তাঁর ছেলে ফারুক আহমেদ। সেখানেই ঘটে ডাকাতির ঘটনা। ভবনের অন্যান্য তলায় থাকেন ভাড়াটেরা। তবে ঘটনার সময় ফারুক বাড়িতে ছিলেন না।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, দোতলার একটি কক্ষে থাকতেন ফারুক আহমেদের ছেলে ফাহাদ (১৮)। অন্য দুটি কক্ষে থাকতেন তাঁর স্ত্রী, ছোট মেয়ে ও বৃদ্ধ মা। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন সবাই। এর মধ্যে রাত আড়াইটার দিকে রান্নাঘরের গ্রিল কেটে বাসার ভেতরে ঢুকে পড়ে সাত-আটজনের একটি ডাকাত দল। তাদের প্রত্যেকের হাতে পিস্তল, ছুরি ও দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের মুখে জিম্মি করে ফেলা হয় সবাইকে। এরপর পুরো বাসার আলমারি ও বিভিন্ন জিনিস ওলট-পালট করে লুট করে নেওয়া হয় নগদ ১১ লাখ টাকা, ২০ থেকে ২২ ভরি স্বর্ণ ও ৪ থেকে ৫টি মুঠোফোন।

ফারুক আহমেদ বলেন, ‘আমার ছেলে ঘরের দরজা খুলে ঘুমায়। ডাকাতেরা এসে প্রথমেই আমার ছেলের রুমে ঢুকে তার মাথায় পিস্তল ঠেকায়। এরপর তাকে গুলি করে দেওয়ার ভয় দেখিয়ে জিম্মি করে ফেলা হয় আমার মা, স্ত্রী ও ছোট মেয়েকে। এরপর তাঁদের কাছ থেকে আলমারি ও বিভিন্ন লকারের চাবি নিয়ে সবকিছু লুট করে নেয়। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বৃহস্পতিবার দুপুরে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। সার্বিক তদন্ত শেষে মূল ঘটনার কথা বলা যাবে। এখনো কোনো অভিযোগ পাননি।