সরকারি জমিতে যুবলীগ নেতার অবৈধ স্থাপনা

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন যুবলীগের সদস্য নাসির মোল্লার বিরুদ্ধে এলজিইডির জমিতে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদীতে সড়কের পাশে যুবলীগ নেতার নির্মাণাধীন অবৈধ ভবন
ছবি: প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের এক যুবলীগ নেতা বরিশাল-সরিকল ভায়া বাটাজোর সড়কের মহিষা এলাকায় এলজিইডির জমি দখল করে ভবন নির্মাণ করছেন। প্রশাসন একাধিকবার নির্মাণকাজ বন্ধ করে দিলেও ক্ষমতার দাপটে নির্মাণ চালিয়ে যাচ্ছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল-সরিকল ভায়া বাটাজোর সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক দূরপাল্লার বাস ও কয়েক হাজার মাঝারি ও ছোট যানবাহন চলাচল করে। সম্প্রতি এই সড়কের মহিষা এলাকায় এলজিইডির জায়গা দখল করে সরিকল ইউনিয়ন যুবলীগের সদস্য নাসির মোল্লা (৪২) পাকা ভবন নির্মাণকাজ শুরু করেন। স্থানীয় ব্যক্তিরা সড়কের ওপরে ভবন নির্মাণ করতে নিষেধ করলে তিনি তাঁদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতি দেখান ও হুমকি দেন।

এ বিষয়ে গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুজ্জামান বলেন, গৌরনদী উপজেলার মহিষা মৌজার ৭২২ নম্বর দাগে যে স্থানে যুবলীগ নেতা ভবন নির্মাণ করছেন, সেটি এলজিইডির। যুবলীগ নেতাকে ওই স্থানে ভবন নির্মাণ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে মামলা রুজুসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ১২ ফেব্রুয়ারি এলাকাবাসী গৌরনদী ইউএনওর কাছে লিখিতভাবে অভিযোগ দেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ারকে সরেজমিনে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

নাম প্রকাশ না করার শর্তে গৌরনদী উপজেলা ভূমি কার্যালয়ের এক সার্ভেয়ার বলেন, ‘বরিশাল-সরিকল ভায়া বাটাজোর সড়কের মহিষা এলাকার যে স্থানে যুবলীগ নেতা নাসির মোল্লা ভবন নির্মাণ করছেন, সেটি এলজিইডির জমি। আমি তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও লাঞ্ছিত করেন। ১৪ ফেব্রুয়ারি ওই জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে তাঁকে নোটিশ দেওয়া হলেও তিনি ওই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।’

সরেজমিন দেখা গেছে, বরিশাল-সরিকল ভায়া বাটাজোর সড়কের পূর্ব পাশে মহিষা এলাকার সড়ক ঘেঁষে প্রায় ২৫ ফুট লম্বা ও ২০ ফুট প্রস্থের একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে।

এ সময় মহিষা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ‘এমনিতেই সড়কটি সরু। এ কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। এখন সড়ক ঘেঁষে যুবলীগ নেতা নাসির মোল্লা ওই ভবন নির্মাণ করায় দুর্ঘটনা বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সে সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।’

সড়কের পাশের সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কথা স্বীকার করে যুবলীগ নেতা নাসির মোল্লা বলেন, ভবন নির্মাণের কারণে যানবাহন চলাচলে কোনো সমস্যা হবে না।

এ বিষয়ে গৌরনদীর ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, অভিযোগ পাওয়ার পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত হয়েছে। তদন্তে এলজিইডির জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়ার পরে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।