দুই গাড়ির সংঘর্ষ, মাঝখানে পড়ে মোটরসাইকেলের আরোহী যুবদল নেতার মৃত্যু

নিহত যুবদল নেতা মো. সালাউদ্দিনছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সিমেন্টবাহী ট্রাক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের একটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের মাঝখানে পড়ে মোটরসাইকেলের আরোহী যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কের মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতার নাম মো. সালাউদ্দিন (৩৬)। তিনি উপজেলার উত্তর শাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। এ ছাড়া তিনি শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্রাক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ির মাঝখানে পড়ে ঘটনাস্থলেই মো. সালাউদ্দিন নিহত হন। দুর্ঘটনায় তাঁর মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আমরা দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। দুর্ঘটনার পর দুটি গাড়ির চালকই পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’