নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পরই যুবককে কুপিয়ে হত্যা

কোপানোপ্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কারাগার থেকে জামিনে বের হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই মো. ইমন (৩৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের পর গতকাল রাত সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান ইমন। বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই ফেরদৌস নামের এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে শহরের গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন।

ইমনের বাবা ওমর খৈয়ামের অভিযোগ, সেখানে ফেরদৌস তাঁর ছেলেকে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেন। তাঁরা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। প্রাণ বাঁচাতে ইমন দৌড়ে পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ফেলে রেখে যান। পরে তাঁকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বাবা বলেন, হৃদয়ের সঙ্গে ইমন ইলেকট্রিকের কাজ করতেন। তিনি তাঁর ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, ইমন ডাকাতির চেষ্টা ও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন। গতকাল রাতে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় হৃদয়সহ আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত হৃদয় নিজেও সম্প্রতি একই ধরনের মামলায় জামিনে বের হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।