মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন তিন তরুণ, পিকআপের চাপায় নিহত সবাই
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী তরুণ সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে একটি পিকআপ চাপা দিলে সবাই নিহত হন। আজ রোববার বিকেলে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছয়সূতি ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি কাঁঠালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন জামির হোসেন (১৮), বিজয় মিয়া (১৮) ও দ্বীপচন্দ্র বর্মণ (১৯)। জাকির কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে, বিজয় দ্বাড়িয়াকান্দি উত্তরপাড়া গ্রামের ছাব্বির হোসেন ভূইয়ার ছেলে এবং দ্বীপচন্দ্র বর্মণ কুলিয়ারচর পৌর শহরের কৈলানপুর টিয়াকাটা এলাকার যতীন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে কুলিয়ারচর থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশের সহকারী উপপরিদর্শক সঞ্জয় কুমার মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই জামির ও বিজয় মারা যান। দ্বীপচন্দ্র বর্মণ মারা যান জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে আরোহী ছিলেন তিনজন। বেলা পৌনে তিনটার দিকে তাঁরা ছয়সূতি থেকে দ্বাড়িয়াকান্দির দিকে যাচ্ছিলেন। গাড়িটির গতি ছিল বেশি। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় তিনজনই ছিটকে সড়কের ওপর পড়ে যান। তখন পেছন দিক থেকে আসা একটি পিকআপ চাপা দিলে জাকির ও বিজয় ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্বীপচন্দ্র বর্মণকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করা যায়নি। দ্রুত চালক দুর্ঘটনাস্থল থেকে চলে যান।