মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হকের মৃত্যু
মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল আটটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক এমপি আনোয়ারুল হক স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আনোয়ারুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সাবেক ব্যক্তিগত সহকারী নিজাম উদ্দিন।
১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে জন্মগ্রহণ করেন আনোয়ারুল হক। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে রাজনীতিতে যুক্ত হন।
আনোয়ারুল হক ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।