চট্টগ্রামে উড়ালসড়কের র্যাম্পে ট্রাকের ধাক্কা, দুই কিলোমিটার যানজট
চট্টগ্রাম নগরে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালসড়কের র্যাম্পে ধাক্কা দিয়েছে একটি কঙ্করবাহী ট্রাক। এ দুর্ঘটনার পর নগরের ব্যস্ততম বায়েজিদ বোস্তামী সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ ঘটনায় অন্তত দুই কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন কর্মস্থলগামী মানুষ।
আজ সোমবার ভোর পাঁচটার দিকে নগরের বেবি সুপার মার্কেট এলাকায় উড়ালসড়কের প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে। বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।
প্রতিদিন সড়কটি দিয়ে নগরের প্রবর্তক মোড়ে নিজের কর্মস্থলে যান বেলায়েত হোসেন। নগরের অক্সিজেনের নয়াহাট এলাকার এই বাসিন্দা বলেন, মোটরসাইকেলে এই পথ পাড়ি দিতে প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে তাঁর। কিন্তু আজ যানজটের কারণে এক ঘণ্টা সময় লেগেছে। রুবি গেট এলাকায় আসার পর তিনি যানজটে আটকে পড়েন। পরে ধীরে ধীরে সামনে গিয়ে দেখেন, উড়ালসড়কের প্রবেশমুখে একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে অচল হয়ে পড়ে রয়েছে। ট্রাক থেকে চারপাশে ছড়িয়ে পড়েছে কঙ্কর।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন মহসিন রিয়াজ নামের আরেকজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য ঠিক সময়ে বের হয়েছিলেন। কিন্তু উড়ালসড়কের মুখের দুর্ঘটনার কারণে অফিসে যেতে দেরি হয় তাঁর। মহসিন রিয়াজ আরও বলেন, ‘যানজটের কারণে গাড়ি থেকে নেমে যাই। পরে দীর্ঘ পথ হেঁটে আবার আরেকটি গাড়িতে উঠে কর্মস্থলে যেতে হয়েছে।’
যোগাযোগ করা হলে ঘটনাস্থলে থাকা নগরের পাঁচলাইশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুসলিম উদ্দিন বেলা পৌনে ১১টায় প্রথম আলোকে বলেন, ট্রাকচালক জানিয়েছেন একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। বাসটিকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালসড়কের প্রবেশমুখে ধাক্কা দেন তিনি। দুর্ঘটনার কারণে সড়কে থেমে থেমে গাড়ি চলাচল করছে। মুসলিম উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে।