নরসিংদীতে জোড়া খুনের মামলায় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
নরসিংদীতে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে দুজন নিহতের ঘটনায় করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান ওরফে নাহিদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বলেন, জোড়া খুনের মামলার ৩ নম্বর আসামি গ্রেপ্তার সিদ্দিকুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে মামলার এজাহারভুক্ত ১০ জনসহ মোট ১২ জন গ্রেপ্তার হয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ২৫ মে শহরের জেলখানা মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঢোকার পথে দুর্বৃত্তের হামলায় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান ও কর্মী আশরাফুল হক গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছাদিকুরের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল। ছাদিকুর নরসিংদী সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকার এবং আশরাফুল শহরের সাটিরপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় নিহত ছাদিকুরের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তাঁর স্ত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় ছাত্রদলের নেতা সিদ্দিকুর রহমানকে ৩ নম্বর আসামি করা হয়।