নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে পোলট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে একজন পোলট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া লাশটি আজীমুল কাদের ভূঁইয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর। তিনি বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। আজীমুল কাদের ভূঁইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ এবং নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় নিজের পোলট্রি খামারে অবস্থান করছিলেন আজীমুল কাদের ভূঁইয়া। পরে রাত ৮টার দিকে খামার থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এর পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরও তাঁকে না পেয়ে পরদিন বুধবার বেলাব থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গতকাল সন্ধ্যার পর স্থানীয় কয়েকজন এলাকার একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখেন। তাঁদের মাধ্যমে খবর পেয়ে আজীমুলের পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন জড়ো হন। খবর পেয়ে রাত ৯টার দিকে বেলাব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন করে লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের প্রায় ১৫ দিন আগে পোলট্রি খামারে দুজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন আজীমুল। একজনের ডাকনাম ছিল রুবেল। এটুকু ছাড়া তাঁদের সম্পর্কে আর কোনো তথ্য নিহত ব্যক্তির পরিবার বা এলাকাবাসী জানেন না। আজীমুল নিখোঁজের পর থেকে ওই দুই শ্রমিকও লাপাত্তা, খামারের সব মুরগিও উধাও। তাঁদের ধারণা, আজীমুলের মৃত্যুর সঙ্গে ওই দুই শ্রমিকের লাপাত্তার ঘটনার যোগসূত্র রয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, নিখোঁজের তিন দিন পর ওই ব্যবসায়ীর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর কানের নিচে আঘাতের কালো চিহ্ন এবং পায়ে ক্ষত ছিল। নিখোঁজের পর থেকেই তাঁর খামারের দুই কর্মচারী মিসিং। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছে, তা নিশ্চিত হতে পুলিশি তদন্ত চলছে।