বিএনপির সাবেক মেয়রের ছেলে স্বতন্ত্র প্রার্থী হতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের সাবেক মেয়রের ছেলে কামরুল আহসান এবার সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে চান
ছবি: প্রথম আলো

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার ঘোষণা দিলেও দলীয় সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান ওরফে রূপণ এবার স্বতন্ত্র প্রার্থী হিসেব প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

অনেকে মনে করছেন, বিএনপি নির্বাচনে না যাওয়ায় যে শূন্যস্থানটি সৃষ্টি হবে, সেটি কাজে লাগাতেই সাবেক মেয়রপুত্র নির্বাচনে অংশ নিতে চান। তাঁরা অনেকে আবার এ ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পদত্যাগী সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারের উদাহরণও টানেন।

কামরুল আহসানের বাবা আহসান হাবিব কামাল গত বছরের ৩০ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের তৎকালীন মেয়র শওকত হোসেন হিরণের সঙ্গে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ১৭ হাজার ১০ ভোটের ব্যবধানে জয়ী হন।

প্রয়াত মেয়রের ছেলে কামরুল আহসান এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তবে বর্তমানে দলে তাঁর কোনো পদ-পদবি নেই। বাবা মেয়র থাকলেও কামরুল নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। রাজনীতিতে সক্রিয় হননি। বাবার মৃত্যুর পরও তিনি রাজনীতিতে নিষ্ক্রিয়। কিন্তু এমন অবস্থায় কামরুল আহসান হঠাৎ কেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, এ নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে বুধবার বিকেলে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে কামরুল আহসান বলেন, ‘বিএনপিতে আমার পদ-পদবি নেই, ঠিক। তবে আমরা আগাগোড়া বিএনপির রাজনীতি ও আদর্শের সঙ্গেই ছিলাম এবং এখনো আছি। বর্তমানে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করছে। এই সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ভোট আশা করা যায় না।’ তারপরও কেন নির্বাচনে অংশ নিতে চান—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে দিনের ভোট রাতে করে, ইভিএমে ভোটের ফল পাল্টে দেয়, নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার চালাতে দেয় না; এসব অভিযোগ বিশ্ববাসীর কাছে প্রমাণ করার জন্যই আমি নির্বাচনে অংশ নিতে চাই। কারণ, আগামী বছরের শুরুতেই দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপির এই দাবি যে যৌক্তিক, তা প্রমাণের জন্যই আমার এই সিদ্ধান্ত।’

কামরুল আহসান কি ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পদত্যাগী সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারের মতো হতে যাচ্ছেন?—এমন প্রশ্নের জবাবে কামরুল আহসান বলেন, ‘আমি উকিল আবদুস সাত্তার হতে চাই না। যদি তাই হতো, তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মনোভাব প্রকাশ করার দুই দিনের মধ্যে ৩ এপ্রিল দুদক (দুর্নীতি দমন কমিশন) আমার কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিত না। ২০১৬ ও ২০১৭ সালে আমার বাবার কাছে সম্পদের হিসাব চেয়ে দুবার নোটিশ দেওয়ার পর দুবারই আমার বাবা তাঁর সম্পদের হিসাব দুদকে দিয়েছিলেন, সেগুলো তদন্ত হয়েছে। কিন্তু কোনো গরমিল পাওয়া যায়নি। আমাকে নোটিশ দেওয়ার মানে হচ্ছে, ক্ষমতাসীন দল চায় না আমি নির্বাচনে অংশ নিই।’

কামরুলের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবরে বিএনপির নেতারা ভেতরে ভেতরে অসন্তুষ্ট। তবে বাইরে কেউ এ নিয়ে প্রতিক্রিয়া দেখাতে চাইছেন না। মহানগর বিএনপির সাবেক ও বর্তমান কমিটির অন্তত সাতজন নেতার সঙ্গে প্রথম আলোর কথা হয়। তাঁরা বলেন, প্রয়াত আহসান হাবিব বরিশালে বিএনপির নেতা হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। বিএনপির বদৌলতেই তিনি বরিশাল পৌরসভা এবং পরে সিটি করপোরেশনের মেয়র হয়েছিলেন। ছিলেন দলের স্থানীয় ও কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে। বিএনপি যেখানে এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে একজন প্রতিষ্ঠিত বিএনপি নেতার ছেলে নৈতিকভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন না। তবে এতে বিএনপি বিচলিত নয় এবং বিএনপির চলমান আন্দোলনেও এর কোনো প্রভাব পড়বে না বলে তাঁরা মন্তব্য করেন।

জানতে চাইলে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, তিনি বিএনপির কোনো পদ-পদবিতে নেই। তাই তিনি কি করবেন না করবেন, এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমাদের স্পষ্ট কথা, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে বিএনপি যাবে না। কামরুল আহসানের নির্বাচন করা না করায় এখানে বিএনপির রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না, এমনকি চলমান আন্দোলনেও না।

দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোট গ্রহণ হবে।