অনুপ্রবেশের ৬ মাস পর দেশে ফিরলেন ৩ ভারতীয় নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাভোগ শেষে দেশে ফিরে যাওয়া তিন ভারতীয় নাগরিক। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে
ছবি: প্রথম আলো

সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে গ্রেপ্তার হওয়া তিন ভারতীয় নাগরিক কারাভোগ শেষে প্রায় ছয় মাস পর নিজ দেশে ফিরে গেছেন। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ত্রিপুরা রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ওই তিন ভারতীয় নাগরিক হলেন ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকার রামু দেববর্মা, মিলন দেববর্মা ও স্বপন দেববর্মা। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাঁদের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাভোগ শেষে দুই দেশে নথি আদান-প্রদানের পর তাঁরা মুক্তি পান।

আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ স্বপন চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, গত বছরের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ওই তিন ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। তখন তাঁরা বিজিবি সদস্যদের হাতে আটক হন। পরে তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দিয়ে কসবা থানায় হস্তান্তর করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আদালত অনুপ্রবেশের দায়ে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন। ১০ দিনের কারাদণ্ড শেষ হলেও তিন ভারতীয়কে দেশে ফেরাতে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলে। কারাভোগ শেষে ৫ মাস ২২ দিন পর আজ দুপুরে তাঁদের ফেরত পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. শহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে তিন ভারতীয় নাগরিকের সাজা গত বছরের ১৭ অক্টোবর নিষ্পত্তি হয়। ভারতে তাঁদের নাগরিকত্ব যাচাইসহ আনুষঙ্গিক কাজে সময় লেগেছে। আজ তাঁদের ত্রিপুরা রাজ্যের পুলিশ ও বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। তাঁরা নিজ দেশে ফিরে গেছেন।