মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালত পাঠালেন কারাগারে
মাদকাসক্ত দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়েছে তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ছেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাঠানো হয়েছে কারাগারে।
আজ সোমবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দুই ভাইয়ের একজনের বয়স ২৪ বছর, আরেকজনের বয়স ১৯ বছর। তাঁদের বাবা কয়েক বছর আগে মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন দুই ভাই। মাদক সেবনের টাকা জোগাড় করতে তাঁরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ছেলেদের মাদকাসক্তি থেকে ফেরাতে মা নানা চেষ্টা করেও ব্যর্থ হন।
একপর্যায়ে মাদকের টাকার জন্য দুই ভাই বাড়িতে বেপরোয়া হয়ে ওঠেন। টাকা দিতে অস্বীকৃতি জানালেই মাকে মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তাঁরা। প্রায় প্রতিদিনই এমন নির্যাতনের শিকার হতে হচ্ছিল মাকে।
শেষ পর্যন্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আজ সকালে থানায় অভিযোগ করেন মা। পরে পুলিশ গ্রাম থেকে দুই ভাইকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই নারীর বড় ছেলেকে এক বছরের ও ছোট ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত দুই ভাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার পর বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। তিনি বলেন, দুই ভাই মাদকাসক্ত হয়ে মাদকের টাকার জন্য বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করছিলেন। ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।