রংপুরে সমবায় ব্যাংক ভবনে দোকানঘর বরাদ্দে আ.লীগ নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন সমবায় ব্যাংক ভবনের পুরাতন দোকান মালিক ব্যবসায়ীরা। আজ সোমবার দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে তাঁরা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ব্যবসায়ী তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী দেবদাস ঘোষ, চৌধুরী শামীনুর জামান, মোস্তাফিজ বিল্লাহ, সাজু মিয়া, দেবাশিষ দাস প্রমুখ।
ব্যবসায়ীদের অভিযোগ, সমবায় ব্যাংকের নির্মিত বহুতল ভবনে দোকানঘর বরাদ্দের শর্তানুযায়ী অর্থ জমা করার পরও বেশ কয়েকজন ব্যবসায়ী বরাদ্দ পাচ্ছেন না। এ নিয়ে সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল অনিয়ম করছেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী তারিকুল ইসলাম বলেন, পুরাতন সমবায় ব্যাংক মার্কেটে বরাদ্দ করা দোকান ঘরে ব্যবসা করে আসছিলেন তাঁরা। ২০১৪ সালে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক সিটি মেয়র প্রয়াত সরফুদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পুরাতন ভবনের দোকানঘর ছেড়ে দেন। সিদ্ধান্ত ছিল, পুরাতন ব্যবসায়ীরা নতুন ভবনে টাকার বিনিময়ে দোকানঘর বরাদ্দ পাবেন। কিন্তু তা হচ্ছে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দোকানঘরের ব্যবসায়ীরা প্রত্যেকেই যাঁর যাঁর অবস্থান থেকে নতুন করে দোকানঘর বরাদ্দের জন্য কিছু টাকাও জমা দিয়েছেন। কিন্তু এখন নতুন ভবন নির্মাণ হওয়ার পর দোকানঘর বরাদ্দ নিয়ে সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তুষার কান্তি মণ্ডল টালবাহানা করছেন। এরই মধ্যে নির্মিত কেন্দ্রীয় সমবায় ব্যাংক বিপণিবিতানের বর্তমান ভবনে অনেককেই দোকানঘর বুঝিয়ে দেওয়া হলেও ২০ জন ব্যবসায়ী এখনো দোকানঘর বুঝে পাননি।
অনিয়মের অভিযোগের বিষয়ে তুষার কান্তি মণ্ডল প্রথম আলোকে বলেন, দোকানঘর বরাদ্দ পেতে পুরাতন ২০ জন ব্যবসায়ী জামানত হিসেবে কিছু টাকা জমা দিয়েছেন, এ কথা সত্য। কিন্তু সবাই দোকানঘর পাবেন কি না, এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে কী করা যায়, এ জন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবেন।
দোকানঘরের জন্য টাকা দিয়েছেন ব্যবসায়ী দেবদাস ঘোষ। তিনি বলেন, ২০ জন পুরাতন দোকান ব্যবসায়ীদের মধ্য থেকে প্রায় ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে। যার ব্যাংক স্লিপ, রিসিভ কপি ও বিভিন্ন সময়ের চিঠিপত্র তাঁদের কাছে সংরক্ষিত আছে। কিন্তু অজ্ঞাত কারণে বর্তমান কমিটির চেয়ারম্যান তাঁদের দোকানঘর বরাদ্দ দিতে দীর্ঘসূত্রতার আশ্রয় নিয়েছেন। তবে নানা অনিয়ম করে অনেককে দোকানঘর বরাদ্দ দেওয়া হলেও পুরাতন ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে না।
সমবায় ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরাতন ভবনটি ভেঙে এই স্থানে ১১ তলাবিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর করা হয় তিন বছর আগে। বর্তমানে পাঁচতলা পর্যন্ত ভবন নির্মিত হয়েছে। প্রতি তলায় ৫০ থেকে ৫৫টি দোকানঘর রয়েছে।