চাঁদপুর পুরানবাজারে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

চাঁদপুর শহরের পুরানবাজারে গতকাল মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের পুরানবাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আল আমিন (৩২) নামের এক অটোরিকশাচালক গুলিতে নিহত হয়েছেন। এ ছাড়া তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

নিহত আল আমিন পুরানবাজার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ খানের বড় ছেলে।

এ সম্পর্কে আজ বুধবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির ছোট ছেলে সজীব মাঝির নেতৃত্বে এবং একই দলের অপর একটি গ্রুপের সংঘর্ষ হয় বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এতে আল আমিন নামের একজন পিস্তলের গুলিতে নিহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে পুরানবাজার পলাশের মোড় ও নিতাইগঞ্জ সড়কে ছাত্রলীগ নেতা শান্ত হাওলাদার ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির ছোট ছেলে সজীব মাঝির নেতৃত্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত ১১টা পর্যন্ত দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও কাচের বোতল নিক্ষেপ করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনাও ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে তিন পুলিশ সদস্যসহ ছয়জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন পুলিশের এএসআই মনিরুল, কনস্টেবল আল-আমিন ও স্বপন, পুরানবাজারের বাসিন্দা রাশেদ, কামাল ও আল-আমিন। হাসপাতালে আনার পর আল আমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় একাধিক সূত্র জানায়, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির বড় ছেলে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেন। এ নির্বাচনকে ঘিরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।