বগুড়ায় ডাকঘরে ঢুকে কর্মচারীকে হত্যা, ভল্ট ভাঙার চেষ্টা
বগুড়ার প্রধান ডাকঘরে হানা দিয়ে অফিস সহায়ককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ডাকঘরের ভেতরে ঢুকে ভল্টের অর্ধেক অংশ ভেঙে টাকা লুটের চেষ্টা করে। গতকাল রোববার রাতের কোনো এক সময় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সহকারী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় এবং জেলার প্রধান ডাকঘরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত অফিস সহায়কের নাম প্রশান্ত কুমার আচার্য (৫০)। তিনি রাতে নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামে।
ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার রাকিব বিশ্বাস বলেন, বগুড়ার এই প্রধান ডাকঘরে দিবা ও রাত্রিকালীন দুই পালায় ডাকসেবা ছাড়াও ডাক ব্যাংকিং কার্যক্রম ও অর্থনৈতিক লেনদেন হয়। ঈদের আগে সরকারি ছুটিতে ডাকঘরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ঈদের ছুটি শেষে আজ সকালে জেলা প্রধান ডাকঘরের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে এসে দেখেন, কার্যালয় ভেতর থেকে বন্ধ। পরে ফটক খুলে দেখেন, প্রশান্ত কুমারের নিথর দেহ পড়ে আছে। মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। ডাকঘরের ভোল্টে ৪০ লাখের বেশি টাকা ছিল। সেই ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, ভোল্ট ভাঙার চেষ্টা হয়েছে, তবে ভাঙতে পারেনি। ভোল্টের বাইরেও বেশ কিছু টাকাপয়সা ছিল বলে এখানকার লোকজন জানিয়েছেন। তবে দুর্বৃত্তরা ঠিক কী পরিমাণ টাকাপয়সা নিয়ে গেছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্বৃত্তরা সংখ্যায় কত ছিল, সেটা সিসি ক্যামেরা দেখে নিরূপণের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, শক্ত কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এটা ডাকাতি নাকি চুরি, তা দুর্বৃত্তদের সংখ্যা জানা গেলে নিশ্চিত হওয়া যাবে।
বগুড়ার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আবদুল হান্নান বলেন, সাতমাথায় প্রধান ডাকঘরে ডাক ব্যাংকিং কার্যক্রম হলেও বেশি টাকা ভোল্টে থাকার কথা নয়। তবে কী পরিমাণ টাকা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ডাক বিভাগের কারও কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। কার্যালয়ে নিরাপত্তায় একজন নিরাপত্তাকর্মী থাকলেও তিনি নিরস্ত্র ছিলেন।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, প্রাথমিকভাবে এটি ডাকাতির চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে জেলা পুলিশের পাশাপাশি ডিবি, পিবিআই ও সিআইডি কাজ করছে। ডাকঘরের ভোল্ট ভাঙার চেষ্টা করেছে দুর্বত্তরা। কী কী খোয়া গেছে সেটা পরে নিশ্চিত করা সম্ভব হবে।