অভয়নগরে সড়ক সংস্কার
৮ মাসের কাজ ২০ মাসে শেষ হয়নি, দুর্ভোগ
সড়ক সংস্কারের মেয়াদ ছিল আট মাস। কিন্তু ২০ মাসে সড়কের কাজ শেষ হয়নি। চরম দুর্ভোগে পড়েছে এলাকার কয়েক হাজার মানুষ।
প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক সংস্কারের মেয়াদ ছিল আট মাস। ২০২১ সালের ২৬ এপ্রিল শুরু হয়ে ২২ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা ছিল। এই সময়ে ঠিকাদার সড়কের কিছু কাজ করেছেন। কাজের ৫২ লাখ ২৯ হাজার টাকা তুলেও নিয়েছেন। কিন্তু গত ২০ মাসে সড়কের কাজ শেষ হয়নি।
গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারের কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে ওই সড়ক দিয়ে চলাচলকারী এলাকার কয়েক হাজার মানুষ।
ঠিকাদার দীর্ঘদিন রাস্তার কাজ না করে ফেলে রেখেছেন। পুরো রাস্তায় খোয়া উঠে ছড়িয়ে-ছিটিয়ে আছে।হিমাংশু মল্লিক, ভবানীপুর গ্রামের বাসিন্দা
সড়কটি হলো যশোরের অভয়নগর উপজেলার টেকারঘাট-কপালিয়া বাজার ভায়া ভবদহ স্লুইসগেট কলেজ ও কালিশাকুল বাজার সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (কেডিআরআইডিপি) আওতায় সড়কটির উন্নয়নকাজ করা হচ্ছে।
অভয়নগর এলজিইডি সূত্র জানায়, উপজেলার টেকারঘাট-কপালিয়া বাজার ভায়া ভবদহ স্লুইসগেট কলেজ ও কালিশাকুল বাজার সড়কের টেকারঘাট থেকে ভবদহ ২১ ভেন্ট (কপাট) স্লুইসগেট পর্যন্ত ৩ কিলোমিটার ৩৭৭ মিটার রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এ জন্য ব্যয় ধরা হয় ১ কোটি ৫৬ লাখ ৪৭ হাজার ৮৬৯ টাকা। ১ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৯২১ টাকা ২৪ পয়সা চুক্তিমূল্যে ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইমন এন্টারপ্রাইজ কাজটি করছে। গত বছরের (২০২১) ২৬ এপ্রিল থেকে সড়কটির কাজ শুরু হয়েছে। ওই বছরের ২২ ডিসেম্বর কাজের মেয়াদ শেষ হয়েছে। ঠিকাদার কাজের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছেন। কিন্তু এখন পর্যন্ত কাজের মেয়াদ বাড়েনি। সূত্র জানায়, সড়কটির রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। এ পর্যন্ত সড়কের ৬৫ শতাংশ কাজ হয়েছে। ঠিকাদারকে ৫২ লাখ টাকা ২৯ হাজার টাকা কাজের বিল দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, টেকারঘাট-কপালিয়া বাজার সড়কের টেকারঘাট থেকে ভবদহ ২১ ভেন্ট স্লুইসগেট পর্যন্ত ৩ কিলোমিটার ৩৭৭ মিটার সড়কের আগের পিচ উঠিয়ে তার সঙ্গে বালু এবং ইটের খোয়া মিশিয়ে সমান করা যন্ত্র দিয়ে সমান করে রাখা হয়েছে। যানবাহন চলাচল করায় সড়কের এই অংশে খোয়া উঠে ছড়িয়ে আছে। সড়কের কয়েকটি জায়গায় খোয়া উঠে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। সড়কজুড়ে ছড়িয়ে থাকা খোয়া এবং খোয়া ভেঙে সৃষ্টি হওয়া লাল ধুলাবালুতে যানবাহন ও লোকজন চলাচলের অনুপযোগী হয়ে আছে।
ঠিকাদার কাজের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছেন। ঠিকাদার কাজ না করলে কাজ বাতিল করে দেওয়া হবে।এস এম ইয়াফি, উপজেলা প্রকৌশলী
এ সময় কথা হয় কয়েকজন এলাকাবাসীর সঙ্গে। তাঁরা জানান, টেকারঘাট-কপালিয়া বাজার সড়কটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে মনিরামপুর উপজেলার দুটি এবং অভয়নগর উপজেলার একটি ইউনিয়নের লোকজন শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় যাতায়াত করেন। ঠিকাদার দীর্ঘদিন কাজ না করে ফেলে রাখায় সড়কটি দিয়ে চলাচল কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক হিমাংশু মল্লিক বলেন, ‘ঠিকাদার দীর্ঘদিন রাস্তার কাজ না করে ফেলে রেখেছেন। পুরো রাস্তায় খোয়া উঠে ছড়িয়ে-ছিটিয়ে আছে। খোয়া আর ধুলায় রাস্তা দিয়ে চলার মতো অবস্থা নেই। বাধ্য হয়ে অনেক কষ্ট করে যাতায়াত করছি।’
বারান্দী গ্রামের ভ্যানচালক কুমুদ রায় বলেন, ‘এই রাস্তায় ভ্যান চালিয়ে আমার সংসার চলে। এক বছরের বেশি সময় ধরে কাজ না করে রাস্তাটি পড়ে রয়েছে। প্রায় পুরো রাস্তায় খোয়া উঠে চলাচলের মতো অবস্থা নেই। অত্যন্ত ঝুঁকি নিয়ে ভ্যান চালাচ্ছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু তালেব বলেন, ‘আমি এখন আর টেন্ডারের কাজ করি না। মনিরামপুর উপজেলার আনিচুর রহমান নামের এক ঠিকাদার আমার কাছ থেকে লাইসেন্স নিয়ে টেন্ডার দিয়ে কাজ করছেন।’
আনিচুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মনিরামপুর উপজেলার জামাল উদ্দীন নামের এক ঠিকাদার কাজটি করছেন।
ঠিকাদার জামাল উদ্দীন বলেন, ‘রাস্তায় পিচের কাজ ছাড়া সব কাজ করা হয়েছে। পিচের দাম বেড়ে যাওয়ায় আর কাজ করা হয়নি। এর মধ্যে রাস্তা উঁচু-নিচু হয়ে গেছে। নতুন ইট বেরিয়েছে। ৩০ ডিসেম্বর থেকে খোয়া দিয়ে রাস্তা সমানের কাজ শুরু করব। আগামী মাসের (জানুয়ারি) ১২-১৩ তারিখের দিকে রাস্তার কার্পেটিংয়ের কাজ শুরু করে ৩০ জানুয়ারি মধ্যে কাজ শেষ করব।’
উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি বলেন, ঠিকাদার দীর্ঘদিন কাজ করছেন না। কাজ করার জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হলেও তিনি কাজ করছেন না। এতে মানুষের চরম ভোগান্তি হচ্ছে। এর মধ্যে কাজের মেয়াদ শেষ হয়েছে। ঠিকাদার কাজের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছেন। ঠিকাদার কাজ না করলে কাজ বাতিল করে দেওয়া হবে।