ভোরে মারধর, সকালে হাসপাতালে গিয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর গ্রেপ্তার ফরহাদ হোসেন। সোমবার দুপুরে নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায়ছবি: সংগৃহীত

ভোররাতে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে মারধর করেন। আহত স্ত্রী চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পর সেখানেও হাজির হন স্বামী। হাসপাতালের ভেতরেই বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে তিনি স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে মারা গেলেন মনিরা বেগম নামে ওই গৃহবধূ। স্বামী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা ১১টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন (২৬) উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে। গ্রেপ্তার ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও থানা–পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে মুনিরা খাতুন তাঁর বোন মহসিনাকে সঙ্গে নিয়ে চিকিৎসা নিতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাঁরা হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যে মনিরার স্বামী ফরহাদ সেখানে উপস্থিত হন। সেখানে মনিরার সঙ্গে ফরহাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ফরহাদ মনিরাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মনিরাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী মনিরার বোন মহসিনা বেগম বলেন, ‘আজ ভোরে আমার দুলাভাই ঢাকা থেকে আমাদের বাড়িতে আসেন। বাড়িতে এসেই দুলাভাই ও বোনের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। আমার বোনকে মারধরও করেন। সকাল ১০টার দিকে চিকিৎসার জন্য আমি আমার বোনকে নিয়ে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। হাসপাতালে পৌঁছার কিছু সময় পরে আমার দুলাভাই হাসপাতালে চলে আসেন। হাসপাতালের ভেতরে ঢুকে আমার বোনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু করেন তিনি। একপর্যায়ে আমার বোনকে পেটে ও বুকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করেন।’

স্বজনদের বরাতে জানা যায়, মনিরা ও ফরহাদের মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। তাঁদের সংসারজীবন খুব একটা ভালো ছিল না। মনিরা দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। আর তাঁর স্বামী ঢাকাতে রিকশা চালাতেন।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমান বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ফরহাদ হোসেনকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে আটক করা হয়। নিহত নারীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় ফরহাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।