ভূরিভোজ করিয়ে লোক টানার চেষ্টা করছেন স্বতন্ত্র প্রার্থী: পাটমন্ত্রী
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) অভিযোগ করেছেন, তাঁর প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া ভূরিভোজ করিয়ে ভোটারদের পক্ষে টানার চেষ্টা করছেন। আজ শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার বরপা মোল্লাবাড়ি এলাকায় গণসংযোগের সময় তিনি এই কথা বলেন।
পাটমন্ত্রী বলেন, ‘যাঁদের ভোটের মাঠে কোনো জনসমর্থন নেই, জনগণের মধ্যে যাঁদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাঁরা অনেক কিছু করে বেড়াবেন। যাঁদের সমর্থন থাকে না, তাঁরাই মানুষকে ভূরিভোজ করিয়ে নিজের পক্ষে টানার চেষ্টা করেন। আমার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীও সেটা করছেন।’
শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তিনি। তাঁর প্রতীক কেটলি। গতকাল বৃহস্পতিবার উপজেলার ইছাপুরা এলাকায় নিজের সমাবেশে কয়েক শ ভোটারকে ভূরিভোজ করিয়েছেন শাহজাহান—এমন অভিযোগ করে গোলাম দস্তগীর বলেন, এই প্রার্থী (শাহজাহান ভূঁইয়া) তাঁর হলফনামায় বলেছেন তাঁর কাছে নগদ বা ব্যাংকে একটি টাকাও নেই। অথচ তিনি শত শত লোককে খাওয়াচ্ছেন। প্রচারণায় কোটি টাকা মূল্যের নতুন গাড়ি ব্যবহার করছেন। ভূরিভোজ স্পষ্টত আচরণবিধির লঙ্ঘন। এই ঘটনার ছবি, ভিডিও এবং সংবাদ গণমাধ্যমে এসেছে। অথচ ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালার ১০(চ) বিধিতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী বা তাঁদের পক্ষে কোনো ব্যক্তি নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো ধরনের কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা কোনো ধরনের উপঢৌকন প্রদান করতে পারবেন না।
আসনটিতে গোলাম দস্তগীর গাজী ও শাহজাহান ভূঁইয়া ছাড়াও তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম নির্বাচন করছেন। সারা দেশের মধ্যে রূপগঞ্জে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে মন্তব্য করে পাটমন্ত্রী বলেন, ‘এখানে তৃণমূলের মহাসচিব, একটি দলের সেক্রেটারি দাঁড়িয়েছেন। এ জন্য আমরা চাই তিনি ভালোভাবে ইলেকশন করুন। এখানে দেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং নৌকা জিতবে।’
পরে গোলাম দস্তগীর গাজী উপজেলার বরপা ও তারাবো এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। এ সময় অতীতে বিভিন্ন সময় দলের জন্য নিজের ত্যাগ শিকারের ঘটনা তুলে ধরেন আসনটির তিনবারের সংসদ সদস্য গোলাম দস্তগীর।
আগামী ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী সমাবেশ করবেন বলে জানান মন্ত্রী। এ সমাবেশকে সফল করতে নেতা–কর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রার্থী।