আ.লীগ–বিএনপি দুদলের বিরোধে ঘি ঢালছে মনোনয়ন প্রতিযোগিতা

জেলা-উপজেলায় কমিটি নিয়ে বিরোধ। এখন জাতীয় নির্বাচন সামনে রেখে মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলায় আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই কোন্দলে জর্জরিত। জেলা–উপজেলায় কমিটি-সংক্রান্ত বিরোধে ঘি ঢালছে আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নকেন্দ্রিক প্রতিযোগিতা। ফলে দুই দলেই কমিটিতে পদপ্রত্যাশীদের বিরোধকে ছাপিয়ে সামনে এসেছে মনোনয়ন-সংক্রান্ত দ্বন্দ্ব। দক্ষিণের ছয়টি সংসদীয় আসনে দুই দলেরই অনেক মনোনয়নপ্রত্যাশী মাঠে সক্রিয় রয়েছেন।

বিএনপির স্থানীয় নেতারা বলছেন, তাঁরা এখন সরকার পতনের লক্ষ্য নিয়ে আন্দোলনে রয়েছেন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলে কোনো আলোচনা নেই। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বলেছেন, তাঁরা নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি মাঠে বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় নিজেদের ব্যস্ত রেখেছেন।

আওয়ামী লীগে অসন্তোষ

পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকেই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগে অসন্তোষ বাড়তে থাকে। কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তাঁরা বলছেন, দলে জামায়াত-বিএনপি থেকে আসা ‘হাইব্রিড’দের তৎপরতা বেড়েছে। জেলার আট উপজেলার অন্তত চারটিতে তৃণমূলের সঙ্গে উপজেলা কমিটির কোন্দল প্রকাশ্যে।

৭৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয় গত ৪ সেপ্টেম্বর। এরপরই বিতর্ক শুরু। অভিযোগ ওঠে, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ব্যক্তিসহ ‘হাইব্রিড’ লোকদের দলে স্থান দেওয়া হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন হয়নি। জামায়াত-বিএনপিসংশ্লিষ্ট লোকদের কমিটিতে রাখা হয়েছে। বিএনপি-জামায়াতের আমলে রাজপথে থাকা অনেক নেতা এখন পদ না পেয়ে নিষ্ক্রিয়। তাঁদের একজন সাবেক ছাত্রলীগ নেতা আলী আকবর সিদ্দিকী কমিটিতে স্থান না পাওয়ায় ঢাকায় অনশন করেন।

জেলার পাশাপাশি উপজেলা কমিটিগুলোতেও সাংগঠনিক ভিত নড়বড়ে। বাঁশখালী উপজেলা কমিটির সভাপতি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ গফুরের মধ্যে একসময় তীব্র দ্বন্দ্ব ছিল। গত বছরের ৬ ডিসেম্বর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে ২৬ বছর আগের কমিটি বিলুপ্ত হয়। ওই সম্মেলনে এই দুজন পুনরায় উভয় পদে বহাল হন। কিন্তু ৯ মাসেও তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। সম্মেলনের পর এই দুই নেতা দৃশ্যত কাছাকাছি অবস্থান করলেও ভেতরে–ভেতরে দ্বন্দ্ব প্রকট। শুধু উপজেলা কমিটি নয়, ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কোনোটির কমিটি নেই।

উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ প্রথম আলোকে বলেন, সামনে নির্বাচন, পাশাপাশি বিরোধী দলের আন্দোলন চলছে। এ জন্য কমিটি খুব দরকার ছিল। জেলা ও ইউনিয়নভিত্তিক কমিটি থাকলে দায়িত্বগুলো বণ্টন করতে সুবিধা হয়।

মোস্তাফিজুর রহমানের সঙ্গে অন্য মনোনয়নপ্রত্যাশীদেরও বিরোধ দৃশ্যমান। এখানে মনোনয়ন চাইবেন দক্ষিণ জেলার সহসভাপতি মুজিবুর রহমান সিআইপি। বাঁশখালীতে তাঁর একটা বলয় রয়েছে। এ ছাড়া একই কমিটির নির্বাহী সদস্য মনোনয়নপ্রত্যাশী আবদুল্লাহ কবির লিটনের সঙ্গেও সংসদ সদস্যের বিরোধ রয়েছে।

দক্ষিণের লোহাগাড়া উপজেলার সর্বশেষ কমিটি হয়েছে ২০১৩ সালে। ৭১ সদস্যের ওই কমিটির সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন এখন দুই মেরুর বাসিন্দা। প্রথমজন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক আমিনুল ইসলামের অনুসারী। শেষজন দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার বলয়ের।

উপজেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী প্রথম আলোকে বলেন, কমিটি বলতে গেলে অকার্যকর। সভাপতি-সম্পাদক দুজনের মধ্যে অনেক দূরত্ব।

লোহাগাড়া উপজেলার মতো সাতকানিয়ায়ও সভাপতি আবদুল মোতালেব ও কুতুব উদ্দিন চৌধুরী কেন্দ্রীয় দুই নেতার লোক বলে এলাকায় পরিচিত। তবে তাঁদের দুজনের মধ্যে তেমন কোনো দূরত্ব প্রকাশ্যে নেই। কিন্তু আগামী নির্বাচনে বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর পাশাপাশি কেন্দ্রীয় দুই নেতা বিপ্লব বড়ুয়া ও আমিনুল ইসলামও মনোনয়ন–দৌড়ে আছেন। সে কারণে এখানে ত্রিমুখী একটি দ্বন্দ্ব বিরাজমান।

চন্দনাইশ উপজেলা কমিটি হয়েছে ২০১৪ সালে। সেবার সম্মেলনে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীকে পরাজিত করে সভাপতি হন জাহেদুল ইসলাম জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক আবু আহমেদ। তবে দলীয় মনোনয়ন পেয়ে টানা দুই মেয়াদে সংসদ সদস্য হন নজরুল ইসলাম। তিনি বলেন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই তিনি কাজ করেন।

এবার জাহেদুল ইসলাম জাহাঙ্গীরও ওই আসনে মনোনয়নপ্রত্যাশী। একই আসনে মনোনয়নপ্রত্যাশী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানও। এখানে সাংগঠনিক কার্যক্রমে নানামুখী ধারা বিরাজমান।

বিএনপিতে সংকট

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিতে চলছে হযবরল অবস্থা। তিন মাসের মধ্যে কমিটি করার কথা অথচ চার বছরেও হয়নি। উল্টো বিরোধের জেরে সংঘাতে জড়িয়ে পড়ছেন নেতা-কর্মীরা। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ জেলার সদস্যসচিব মোস্তাক আহমেদ খান ও যুগ্ম আহ্বায়ক এনামুল হকের অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহত হন ১০ জন।

২০১৯ সালের ২ অক্টোবর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কোন্দল এড়াতে ৬৫ সদস্যের কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ানকে। আহ্বায়ক কমিটি আর্থিক সুবিধা নিয়ে ত্যাগীদের বাদ দিয়ে উপজেলা ও পৌরসভার কয়েকটি কমিটি করেছে বলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও লেয়াকত আলী অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনজন সংবাদ সম্মেলন করে কয়েকটি পাল্টা কমিটির ঘোষণা দেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিন নেতাকে ২০২১ সালের ১০ জানুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়। চলতি বছরের ৭ মে আহ্বায়ক কমিটির ৪ নম্বর সদস্য এনামুল হককে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়।

বহিষ্কৃত হওয়া দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস বলেন, ত্যাগীদের বাদ দেওয়ায় প্রতিবাদ করায় তাঁদের বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য গাজী শাহজাহান গত ১৬ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতৃত্বের একাংশকে নিয়ে বৈঠক করেন। সেখানে মোস্তাকসহ দলের নেতা-কর্মীরা অংশ নেন। এতে নতুন করে এনামুলের সঙ্গে গাজী শাহজাহানের (জুয়েল) পুরোনো বিরোধ চাঙা হয়।

মোস্তাকের সঙ্গে গাজী শাহজাহানের একাত্মতা মেনে নিতে পারছেন না এনামুলের অনুসারীরা। ফলে গত ২০ সেপ্টেম্বর নগরের নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে চট্টগ্রামে রোডমার্চ কর্মসূচি বাস্তবায়নের জন্য জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সভা চলাকালে মোস্তাকের ওপর হামলা করেন এনামুলের অনুসারীরা।

মোস্তাক আহমেদ খান বলেন, বহিরাগত ব্যক্তিরা এনামুল হকের নির্দেশে তাঁর ওপর হামলা চালিয়েছেন। দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে ত্যাগী নেতারা বাদ পড়ায় প্রতিবাদ করে আসছেন। এ কারণে তাঁর ওপর হামলা করা হয়।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়নপ্রত্যাশী গাজী শাহজাহান ও দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এনামুল হক। এই দুজনের একজনকে মনোনয়ন দিলে দলীয় কোন্দল আরও তীব্র হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক বলেন, ২০০৮ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর শাহজাহান সপরিবার দেশের বাইরে চলে যান। দলীয় কোনো কর্মসূচিতে তিনি অংশ নেননি। আর মোস্তাক আহমেদ খান বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটি গঠনে বাণিজ্য করেছেন।

কমিটি হয়নি, উল্টো কোন্দল বেড়েছে কি না, জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, মামলা, হামলায় নেতা-কর্মীরা চাপে আছেন। এ ছাড়া কোন্দলও আছে। কমিটি গঠন করা যায়নি। তবে সবাই ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে অংশ নিচ্ছেন।

বিরোধপূর্ণ অবস্থা চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনেও। এখানে বহিষ্কৃত জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান ও হেলাল উদ্দিন মনোনয়নপ্রত্যাশী।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরীসহ চারজনের নাম শোনা যাচ্ছে।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মনোনয়ন–দৌড়ে আছেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। আছেন দক্ষিণ জেলা বিএনপির আরও তিন সদস্য।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর দুই ছেলে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী ও মিসকাতুল ইসলাম চৌধুরী মনোনয়নপ্রত্যাশী। মাঠে আছেন আরও চার-পাঁচজন স্থানীয় নেতা। ফলে একজনকে মনোনয়ন দেওয়া হলে অন্যরা বেঁকে বসতে পারেন।

কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান প্রথম আলোকে বলেন, মনোনয়ন নিয়ে দলের হাই কমান্ড এখনো কিছু ভাবছে না। এখন একটাই লক্ষ্য, বর্তমান সরকারের পতন।