কাগজপত্র প্রস্তুত, কাল সকালে নির্বাচন কমিশনে আপিল করবেন হিরো আলম
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এ জন্য আইনজীবীর মাধ্যমে তিনি প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেছেন।
আজ সোমবার বিকেলে হিরো আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আজ হাইকোর্ট থেকে আগারগাঁও এ নির্বাচনে কমিশনে (ইসি) নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের জন্য আবেদন করবেন।
হিরো আলম বলেন, ‘ইসিতে ন্যায়বিচার না পেলে উচ্চ আদালতে যাব। প্রার্থিতা ফিরে পেতে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।’
এর আগে সংসদীয় আসন দুটির প্রতিটিতে ন্যূনতম ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকায় গরমিলের কারণ দেখিয়ে গতকাল রোববার দুপুরে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
প্রার্থিতা ফিরে পেতে আপিলের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে আজ সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ কংগ্রেসের সভাপতি কাজী রেজাউল হোসেনের চেম্বারে যান হিরো আলম। সেখানে কাজী রেজাউল হোসেন ছাড়াও আরও দুজন আইনজীবী তাঁর আপিলের কাগজপত্র প্রস্তুত করে দেন।
হিরো আলম আক্ষেপ করে বলেন, ‘আমার জীবনটাই একটা যুদ্ধ। যুদ্ধ ছাড়া আমি কোনো কাজেই সফল হতে পারিনি। নির্ভুলভাবে মনোনয়ন দাখিল করার পরও আমার বৈধ মনোনয়ন বাতিল করা হয়েছে। এখন প্রার্থিতা ফিরে পেতে লড়ছি। সব কাগজপত্র প্রস্তুত করেছি। কাল সকালে নির্বাচন কমিশনে আপিল করব। অশুভ শক্তির বিরুদ্ধে এ যুদ্ধে বিজয়ী হবই ইনশা আল্লাহ।’
এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন হিরো আলম। যাচাই-বাছাইয়ের দুই দফায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। ভোটের দিনদুপুরে তাঁর ওপর হামলার ঘটনা ঘটলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন হিরো আলম।