রাঙ্গুনিয়ায় খামারে আগুন লেগে মারা গেল ১৮টি গরু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি খামারে আগুন লেগে ১৮টি গরু পুড়ে মারা গেছে।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহীপাড়া সমাজকল্যাণ সমিতির ওই খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারটির মালিকেরা।
আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে খামারে থাকা ১৮টি গরু পুড়ে মারা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সামান্য দগ্ধ অবস্থায় একটি গরু উদ্ধার করেছে।
সরফভাটা সিপাহীপাড়া সমাজকল্যাণ সমিতির ২০ জন সদস্য মিলে খামারটি দিয়েছিলেন।
সমিতির সভাপতি সাইমন রউফ প্রথম আলোকে বলেন, আগুন লেগে পুরো খামার পুড়ে গেছে। ১৯টি গরুর মধ্যে মাত্র একটি গরু উদ্ধার করা গেছে। এতে আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানতে চাইলে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’