নরসিংদীতে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদর হাসপাতালের মর্গে নিহত জাহাঙ্গীরের লাশ। লাশের অপেক্ষায় স্বজনেরা। শনিবার দুপুরে সদর হাসপাতাল প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

নরসিংদীর মনোহরদী উপজেলায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত জাহাঙ্গীর ইসলাম ওরফে হিমু (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

একই ঘটনায় আহত অপর এক তরুণ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জাহাঙ্গীরের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চালাকচর ইউনিয়নের চালাকচর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে প্রতিপক্ষ ফুটবল দলের তরুণদের হামলায় তিনি আহত হয়েছিলেন।

নিহত জাহাঙ্গীর ইসলাম উপজেলার বড়চাঁপা ইউনিয়নের উড়ুলিয়া গ্রামের মৃত আলাল উদ্দীনের ছেলে। তিনি ঢাকার এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মনোহরদীর বাড়ি থেকে তিনি নিয়মিত আসা-যাওয়া করে ওই বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতেন।

নিহত জাহাঙ্গীরের মা নার্গিস বেগম বলেন, ‘তুচ্ছ ঘটনায় আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলল তারা। গত ছয়টা দিন সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। আমার বাপ মরা ছেলেটাকে যারা এত নির্দয়ভাবে পিটিয়ে মেরে ফেলল, তাদের বিচার চাই।’

স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে উপজেলার বড়চাঁপা ইউনিয়নের উড়ুলিয়া গ্রামের একটি মাঠে স্থানীয় একদল তরুণের সঙ্গে পাশের কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের আরেক দল তরুণের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার মধ্যবর্তী সময়ে উড়ুলিয়ার এক খেলোয়াড়কে অপর পক্ষের এক খেলোয়াড় লাথি মেরে বসলে দুই পক্ষের মধ্যে ঝগড়া লেগে ম্যাচটি পণ্ড হয়ে যায়। এ ঘটনার পর থেকেই উড়ুলিয়া গ্রামের তরুণদের ওপর তক্কে তক্কে ছিলেন বড় মির্জাপুর গ্রামের তরুণেরা। গত রোববার বিকেলে একটি রেস্তোরাঁয় খেতে শাহীন ও তানজিল নামের দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে চালাকচর বাজারে যান জাহাঙ্গীর ইসলাম। এ খবর পেয়ে প্রতিপক্ষ দলের তরুণেরা চালাকচর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন।

রেস্তোরাঁ থেকে বেরিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার সময় হামলা চালান তাঁরা। চলন্ত অবস্থায় জাহাঙ্গীরকে হকিস্টিক দিয়ে আঘাত করেন মোজাম্মেল। এতে মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়েন তিনজন। পেছনে থাকা তানজিল দৌড়ে গিয়ে চিৎকার শুরু করলেও স্থানীয় লোকজন এগিয়ে আসেননি। এ সময় জাহাঙ্গীরকে স্ট্যাম্প, হকিস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। শাহীনকেও পেটানোর পাশাপাশি মাথায় চাপাতি দিয়ে কোপানো হয়। এতে দুজনই নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁরা চলে যান। পরে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ও শাহীনের মাথায় ২৫টি সেলাই দিয়ে দুজনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে জাহাঙ্গীরকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ও শাহীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান। আর বর্তমানে শাহীন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হামলার পর জাহাঙ্গীরের বড় ভাই সুমন মিয়া মনোহরদী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হলেন মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের মোজাম্মেল হক (৩০), ইব্রাহীম মিয়া (২৬), মোশারফ হোসেন (২৫), জামাল হোসেন (২৬) ও আবু বাক্কার (২৪)। ঘটনার পর থেকে তাঁরা সবাই এলাকাছাড়া।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, আহত জাহাঙ্গীরের মৃত্যুর খবর তিনি জেনেছেন। এ ঘটনায় তাঁর ভাইয়ের করা হত্যাচেষ্টা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত মাইনুদ্দীন ও বাদল নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।