দেড় মাস ধরে কাজ বন্ধ

হিলির শূন্যরেখা থেকে ২ দশমিক ২৫০ কিলোমিটার সিসি ঢালাই এবং আড়াই কিলোমিটার নালা নির্মাণ করা হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলি স্থলবন্দরে চার লেন নির্মাণের অংশ হিসেবে সড়কের কার্পেটিং তুলে ফেলা হয়েছে। এতে চলাচলে দুর্ভোগ বেড়েছে
ছবি: প্রথম আলো

দিনাজপুরের হিলি স্থলবন্দরে সিপি রোডের ফোর লেন নির্মাণের কাজ শুরু হয় গত বছরের ডিসেম্বরে। ওই উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেছিলেন। ভেবেছিলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পণ্য পরিবহনে সুবিধা হবে, সুগম হবে ব্যবসা-বাণিজ্যের পথ। কিন্তু জানুয়ারির শেষের দিকে সড়কের কাজ বন্ধ হয়ে যায়। ওই সড়কে চলাচলে ভোগান্তি আরও বেড়েছে। 

সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা যায়, হিলির শূন্যরেখা (ইমিগ্রেশন চেকপোস্ট) থেকে পানামা পোর্ট লিংক লিমিটেডের ৩ নম্বর ফটক পর্যন্ত ২ দশমিক ২৫০ কিলোমিটার সিসি ঢালাই এবং আড়াই কিলোমিটার ড্রেন নির্মাণ হবে। এ জন্য সড়কের পাশে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে। সড়ক নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ৩১ কোটি ৯০ লাখ টাকা। নির্মাণকাজের দায়িত্ব পায় ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এনডিই) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের ১৮ এপ্রিল শুরু হয়ে ১০ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে কাজ শুরু হয় দেরিতে। গত বছর অক্টোবরের শেষের দিকে সড়কের কার্পেটিং তুলে ফেলা হয় এবং সড়কের দুই পাশের স্থাপনা ভেঙে ফেলা হয়। গত বছর ৬ ডিসেম্বর সেখানে ফোর লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন হয়। পরে সড়কের একপাশে ঢালাই কাজও শুরু হয়।

চলতি বছরের ২৭ জানুয়ারি সড়কের কাজ বন্ধ হয়ে যায়। ওই দিনই ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজে ব্যবহৃত সব মালামাল ও নির্মাণ যন্ত্র সরিয়ে পৌর শহরের জয়পুরহাট বাসস্ট্যান্ডের পাশের একটি গুদামে নেয়। এ সম্পর্কে সওজের দিনাজপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) পার্থ সরকার বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের আর্থিক সংকট থাকার কারণে সড়কের কাজ বন্ধ রেখেছে। সেই সঙ্গে সেখানে ভূমি অধিগ্রহণের কাজও চলছে। তবে এক-দুই সপ্তাহের মধ্যে ফোর লেন সড়কের কাজ পুনরায় শুরু হবে।

এ বিষয়ে জানতে ১৭ মার্চ হিলি শহরের মধ্য বাসুদেবপুর এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয়ে যান এ প্রতিবেদক। সেখানে কথা হয় প্রতিষ্ঠানের উপপ্রকল্প ব্যবস্থাপক (ডিপিএম) জুয়েল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘কাজ বন্ধের কারণ সম্পর্কে আমি কিছুই জানি না। আমরা কাজ শুরু করার জন্য প্রস্তুত আছি। সওজ কর্তৃপক্ষ অনুমতি দিলেই আমরা কাজ শুরু করব।’ সড়কের কাজ বন্ধের বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মুঠোফোন নম্বর চাইলে তিনি তা দিতে রাজি হননি। 

হিলি স্থলবন্দরের ওই নির্মাণাধীন সড়কে প্রতিদিন ভারত থেকে আসা শতাধিক পণ্যবাহী টাক চলাচল করে। এ ছাড়া, আমদানি করা পণ্য নিয়ে দেশীয় ট্রাকও বিভিন্ন জেলায় যায়। কার্পেটিং তুলে ফেলায় সড়কটি চলাচলের অনুপোযুক্ত হয়ে পড়েছে। সড়কে ধুলাবালি। যানবাহন চলাচল করলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। এছাড়া, রাস্তার পাশের দোকান ও অফিসগুলোতে ধুলায় নষ্ট হচ্ছে খাদ্যপণ্যসহ অন্য মালামাল। ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ রাস্তা দিয়ে চলাচল করা নিম্ন আয়ের ভ্যানচালক, রিকশাচালক ও ইজিবাইকচালকেরা। 

আমদানি পণ্য নিয়ে আসা ভারতের ট্রাকচালক দীপেন চন্দ্র বলেন, ‘এ রাস্তা খুবই খারাপ। পণ্যবাহী ভারী ট্রাক চলাচল করার সময় খুবই ঝুঁকিতে থাকি। বেহাল রাস্তার কারণে গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

এ রাস্তা দিয়ে প্রতিদিন ভ্যান চালান উপজেলার জালালপুরের বাসিন্দা আবদুল হাকিম। তিনি বলেন, ‘হামরা গবির লোক, তো চলাই পারোছি না। ১০ ট্যাকা কামাই করবার গেলে ২০টা ট্যাকা খরচ হছে। এই রাস্তা দিয়ে ভ্যান চালালে চাকার স্পোক ভাঙে, বিয়ারিং ভাঙে। দুইটা স্পোক যুত (মেরামত) করবার গেলে ৬০-৭০ টাকা খরচ হয়।’ 

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি পণ্য পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহিন বলেন, সওজের একজন প্রকৌশলী তাঁকে জানিয়েছেন, ঠিকাদার নিম্নমানের কাজ করছেন, তাই সড়কের কাজ বন্ধ রাখা হয়েছে। এতে পণ্য আমদানির ট্রাক ও দেশি ট্রাক চলাচল বিঘ্ন ঘটছে। বৃষ্টির কারণে এখন রাস্তা বেহাল। সংগঠনটির প্রেসিডেন্ট ও হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ বলেন, ‘ফোর লেন করার জন্য দুই বছর আগে দরপত্র আহ্বান করা হয়েছিল। জমি অধিগ্রহণের কাজ চলছে খুব ঢিমেতালে। সড়ক কেন হচ্ছে না, এটার মূল রহস্যটা কী? তা আমরা ভালো করে বুঝতে পারছি না। কাজ দ্রুত শুরু হোক, এটাই আমরা চাই।’