কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তার নাম আফরান, বাবার নাম আল আমিন। তাদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে।
আজ সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, হামের উপসর্গ নিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ভর্তির দিন থেকেই শিশুর অবস্থা খারাপ ছিল। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তবু তার যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ ভোরের দিকে শিশুটি মারা যায়।
শিশুটির বাবা আল আমিন প্রথম আলোকে বলেন, ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল। এরপর আফরানকে কুষ্টিয়ায় এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হয়। তাঁর পরামর্শে শিশুটিকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, ‘গতকাল বৃহস্পতিবার আফরানের অবস্থার অবনতি হতে থাকে। আজ ভোরের দিকে খুব খারাপ অবস্থা হলে চিকিৎসক ও নার্সদের ডাকা হয়। কিন্তু নার্সরা সঠিকভাবে সহযোগিতা করেনি। পরে মরদেহ নিয়ে বাড়ি চলে আসি।’
এ বিষয়ে জানতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনোয়ারুল কবীরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। শিশু বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক এস এম নাজিম উদ্দিনকে ফোন দিলে তিনি ফোনটি কেটে দেন। আরও কয়েকবার ফোন করলে তিনি ধরেননি।