সরকার পদত্যাগ না করা পর্যন্ত এক দফা আন্দোলন চলবে: লক্ষ্মীপুরে শহীদ উদ্দীন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
ছবি: প্রথম আলো

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমাদের দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এ এক দফা কোনো বাধা মানবে না। কেউ যদি বাধা দিতে আসে, তা উপেক্ষা করে এক দফা আন্দোলনকে সফল করতে হবে। কারণ, এ এক দফা দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে, ভোট ডাকাতদের বিরুদ্ধে।’

আজ শনিবার দুপুরে জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি উপলক্ষে লক্ষ্মীপুরে বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দীন চৌধুরী এসব কথা বলেন। তিনি জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে আছেন। জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিনের লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকার বাসভবন প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার পাঁচটি উপজেলার বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘এক দফার ভিত্তিতে কঠিন আন্দোলন গড়ে তোলা আমাদের লক্ষ্য। যত দিন পর্যন্ত এ সরকার পদত্যাগ না করবে, তত দিন পর্যন্ত এক দফার ভিত্তিতে আমাদের আন্দোলন চলবে।’ তিনি বলেন, নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমেই দেশে গ্রহণযোগ্য নির্বাচন করা হবে। শেখ হাসিনার অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করতে হবে।

জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ, হাফিজ উল্যা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী প্রমুখ।