সকালে উঠে মাটির দেয়াল ঠিক করতে চেয়েছিলেন, রাতেই ধসে পড়ে প্রাণ গেল দম্পতির
‘অনেক দিন ধইরা মাটির ঘরটার পিছনের দেয়ালডা খারাপ হইয়া আছিল। বাবা-মায়ে অনেকবার কইছি, ইটের ঘরে আমাগো লগে থাকো। কিন্তু হেরা (বাবা-মা) কইতো, মাটির ঘরেই ভালা লাগে। বাবা কয়ছিল, কালকে (আজ শুক্রবার) মাটির ঘরের পিছনের দেয়ালডা ঠিক করান লাগব। কিন্তু সেই দেয়ালাডা আর ঠিক করা হইল না। রাইতেই দেয়ালডা ভাইঙ্গা পড়ল। বাবা-মারে একসাথে হারাইলাম। এই দুঃখ কই রাহি।’
আজ শুক্রবার দুপুরে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলছিলেন পোশাককর্মী মো. ফারুক হোসেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে মাটির ঘরের দেয়াল ধসে মারা গেছেন তাঁর বাবা এমারত হোসেন ও মা আছিয়া বেগম।
শুক্রবার দুপুরে নলিপাড়া গ্রামে নিহত এমারত হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, দক্ষিণ পাশের মাটির ঘরের দেয়াল ধসে পাশে স্তূপাকারে পড়ে আছে। উত্তর পাশে আছে ইটের আধা পাকা দুটি ঘর। সেখানে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মাটির ঘরে স্ত্রী আছিয়াকে নিয়ে এমারত হোসেন বসবাস করতেন। ইটের তৈরি ঘরে থাকতেন তাঁর ছেলে ফারুক হোসেন, ফারুকের ছেলে সাব্বির হোসেন ও মেয়ে ফাতেমা আক্তার। ফারুক হোসেন রাতে বাসায় খেয়ে কারখানায় কাজে চলে গিয়েছিলেন। সকালে মা-বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন বাড়িতে।
নিহত এমারত হোসেনের নাতি সাব্বির আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দাদা-দাদিসহ আমরা সবাই একসঙ্গে রাতের খাবার শেষ করি। পরে তারাও ঘুমাতে যায়, আমরাও ঘুমিয়ে পড়ি। সারা রাত বৃষ্টি হচ্ছিল, টিনের চালে বৃষ্টির শব্দে বাইরের কোনো কিছুই শোনা যাচ্ছিল না। সকালে ঘুম থেকে উঠে দেখি, দাদা-দাদির ঘর ভেঙে পড়ে আছে। এতে চাপা পড়ে আছে দাদা-দাদি দুজনই। আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনের লাশ উদ্ধার করেন।’
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈরে গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে রতনপুর নলিপাড়া গ্রামের এমারত হোসেনের মাটির ঘরের দেয়াল ভিজে নরম হয়ে যায়। ঝুঁকিপূর্ণ ওই মাটির ঘরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এমারত-আছিয়া দম্পতি ঘুমিয়ে পড়েন। পাশের অন্য ঘরে তাঁর ছেলেমেয়েরা ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। আজ শুক্রবার সকালে স্বজন ও আশপাশের লোকজন দুজনের লাশ উদ্ধার করেন।