পিরোজপুরে নির্বাচন–পরবর্তী সহিংসতায় বিএনপির দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
পিরোজপুরে নির্বাচন–পরবর্তী সহিংসতায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার পারেরহাট চালনা সেতু–সংলগ্ন ইন্দুরকানী সীমান্তবর্তী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের একজন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী আলমগীর হোসেনের ধানের শীষ প্রতীকের পক্ষে পিরোজপুর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। আরেক আহত ব্যক্তি তাঁর ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক, যিনি সদরের শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে শহর থেকে বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তদের একটি দল দুই নেতার গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের খুলনায় পাঠানো হয়।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক রাজীব পাইক বলেন, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।’