পটুয়াখালীর তরুণের সঙ্গে ইন্দোনেশিয়ার সেই তরুণীর বিবাহত্তোর সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার দুপুরে বাউফলের ইমরান হোসেনের সঙ্গে ইন্দোনেশিয়ার নিকি উল ফিয়ার বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
ছবি: প্রথম আলো

দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়া (২৩) প্রেমের টানে বাংলাদেশে এসে পটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেনকে (২৫) বিয়ে করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামে ইমরানের বাড়িতে ইসলামি রীতিনীতি অনুয়ায়ী বিয়ে সম্পন্ন হয়। ১০১ টাকা দেনমোহরে বিয়ে পড়িয়েছেন মাওলানা মো. শহিদুল ইসলাম।

গতকাল দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিবাহের ঘোষণা দেন ইমরান ও নিকি। তাঁদের পক্ষে আইনজীবী ছিলেন মো. শাহীন আলম সেরনিয়াবাত। আদালতের বিচারক ছিলেন মো. আশিকুর রহমান।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ সালে ফেসবুকে ইন্দোনেশিয়ার মেয়ে নিকির সঙ্গে ইমরানের পরিচয় হয়। পরিচয়ের পর বন্ধুত্ব, একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। ইমরানের পরিবারের কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালের ১ ডিসেম্বর বিয়ে করার জন্য ইমরানের কাছে এসেছিলেন ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়া। তখন ইমরানের বিয়ের বয়স না হওয়ায় তাঁকে ফিরে যেতে হয়। পাঁচ বছর পর গত সোমবার আবার বাংলাদেশে আসেন তিনি। গতকাল ভোরে ইমরানের বাড়িতে আসেন এবং ইমরানকে নিয়ে ওই দিনই পটুয়াখালী আদালতে গিয়ে বিয়ে করার ঘোষণা দেন দুজন।

এ উপলক্ষে কয়েক দিন ধরে ইমরানের বাড়িতে বিয়ের উৎসব চলছে। বিয়ের পর থেকে তাঁদের দুজনকে দেখার জন্য আশপাশের বিভিন্ন এলাকার নারী–পুরুষ ও শিশুরা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।

বিয়ের পর থেকে তাঁদের দুজনকে দেখার জন্য আশপাশের বিভিন্ন এলাকার নারী–পুরুষ ও শিশুরা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন
ছবি: প্রথম আলো

আজ দুপুরে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বাউফলের দাসপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘বিয়ে করতে এসে ওই তরুণী এর আগে ফিরে গিয়েছিলেন। ৫ বছর পর ওই মেয়ে আাবার বিদেশ থেকে বাংলাদেশে এসে কোনো বাংলাদেশি ছেলেকে বিয়ে করেছেন। এমন প্রেমের কাহিনি আমাদের কাছে এই প্রথম। এমন বিয়েতে দাওয়াত পেয়ে আমরা আনন্দিত।’

ইমরান ও নিকি তাঁদের দাম্পত্যজীবন সুখী ও সুন্দরভাবে কাটানোর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন