শেরপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে মো. ইসমাইল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় দেন। একই সঙ্গে আদালত আসামি ইসমাইলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইসমাইল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চরগোরকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি ইসমাইল আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ইসমাইল তাঁর স্ত্রী নালিতাবাড়ীর কাকরকান্দি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে বিলকিস আক্তার ও তাঁদের একমাত্র মেয়েকে নিয়ে ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর ঈদুল আজহা উপলক্ষে বিলকিস তাঁর মেয়েকে নিয়ে ভাই আবদুল খালেকের কাকরকান্দি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। পরে ২৬ সেপ্টেম্বর রাতে ইসমাইল ওই বাড়িতে গেলে তুচ্ছ ঘটনা নিয়ে বিলকিসের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইসমাইল ধারালো দা দিয়ে বিলকিসকে উপর্যুপরি কোপাতে থাকেন। এ সময় বিলকিসের চিৎকারে তাঁর মা (ইসমাইলের শাশুড়ি) খালেদা বেগম, মামা নুরুল আমিন, প্রতিবেশী কুদ্দুস মিয়া ও সেলিমা বেগম এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে রক্তাক্ত জখম করেন ইসমাইল। এ সময় এলাকার লোকজন ইসমাইলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ইসমাইলের দার আঘাতে বিলকিস, খালেদাসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে বিলকিস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও খালেদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর বিলকিসের বড় ভাই খালেক বাদী হয়ে ইসমাইলকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা করেন। পরে ২ অক্টোবর আসামি ইসমাইল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
২০১৬ সালের ২৮ মে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম আসামি ইসমাইলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি চন্দন কুমার পাল রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসামিপক্ষের আইনজীবী মো. জাহিদুল হক প্রথম আলোকে বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।